মাদারীপুরের কালকিনিতে মা ইলিশ রক্ষায় আড়িয়ালখাঁ নদে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, বিপণন, বিক্রি, পরিবহন ও মজুত নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা জারির পর থেকে কালকিনি উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে তথ্য সংগ্রহকালে জানা গেছে, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিছু জেলে ইলিশ শিকারের চেষ্টা করছেন বলেও তথ্য পেয়েছে প্রশাসন।
মা ইলিশ, জাটকা ও অন্যান্য ইলিশ শিকারের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (২৩ অক্টোবর) সবচেয়ে বড় চালান হিসেবে ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এদিন কালকিনি উপজেলার সিডি খান ও সাহেবরামপুর ইউনিয়নসংলগ্ন আড়িয়ালখাঁ নদে অভিযান চালিয়ে এসব জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রশাসনের দাবি, এ অভিযানের পর আড়িয়ালখাঁ নদে ইলিশ শিকারে জেলেদের তেমন একটা দেখা যাচ্ছে না।
মা ইলিশ রক্ষা ও ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কালকিনি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য বিভাগ।
প্রতিনিধি/আরএইচ