গাজীপুরের শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবা আব্দুল ছামাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাদক কেনার টাকা না পেয়ে ছেলে আনোয়ার তাঁর বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন বলে জানা গেছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৪টার দিকে উপজেলার তৈলিহাটী ইউনিয়নের সাইটালিয়া গ্রামের সুতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ছামাদ গিয়াসউদ্দিন ডাক্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কেনার টাকার জন্য বাবা আব্দুল ছামাদের কাছে দাবি করেন ছেলে আনোয়ার। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রথমে নিজের স্ত্রীকে মারধর করেন তিনি। পরে বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন এবং তাঁর বুকের ওপর দাঁড়িয়ে লাথি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল ছামাদ। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, রাতে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/আরএইচ