সারাদিন ইনস্টাগ্রামে রিলস (Instagram Reels) দেখে ভাইরাল ভিডিও ও ট্রেন্ডিং বিষয় খুঁজে বের করার জন্য কর্মী নিয়োগ দিচ্ছে ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনফ্লুইশ’ (Influish)। ব্যতিক্রমী এই পদের নাম দেওয়া হয়েছে ‘ডুমস্ক্রলার’ (Doomscroller)।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, দীপাবলি উপলক্ষে প্রতিষ্ঠানটি এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। পদের মূল কাজ হলো দিনের বড় একটি সময় ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করা এবং প্ল্যাটফর্মটিতে কোন বিষয়টি সাড়া ফেলছে বা ভাইরাল হচ্ছে, সেসব তথ্য প্রতিষ্ঠানকে জানানো।
প্রতিষ্ঠানটির কর্মীদের প্রকাশিত এক ভিডিওতে বলা হয়, ‘আপনি যদি সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে পছন্দ করেন, তাহলে আমরা আপনাকে এ কাজের জন্য অর্থ দেব। আমরা এমন একজন ডুমস্ক্রলার খুঁজছি, যিনি সারাদিন রিলস স্ক্রল করবেন এবং ইনস্টাগ্রামে কী ভাইরাল হচ্ছে, তা সবাইকে জানাবেন।’
আগ্রহী প্রার্থীদের ভিডিওটিতে ‘হাই’ (Hi) লিখে মন্তব্য করার আহ্বান জানানো হয়েছে। উদয়পুরে অবস্থানরত প্রার্থীদের সরাসরি বার্তার (ডিএম) মাধ্যমে আবেদন করার লিংক পাঠানো হচ্ছে।
এছাড়া ইনস্টাগ্রামে ‘গ্যাংস অব স্টার্টআপ’ (gangsofstartup) অ্যাকাউন্টের বায়োতে থাকা গুগল ফরমের মাধ্যমেও আবেদনের সুযোগ রয়েছে। আবেদনকারীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, কাজের ধরন (পূর্ণকালীন বা ইন্টার্নশিপ), পদের নাম এবং বর্তমান ও প্রত্যাশিত বেতনের তথ্য দিতে হবে। সেই সঙ্গে জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করতে হবে। পরবর্তীতে বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।
বুধবার ইনস্টাগ্রামে প্রকাশের পর নিয়োগসংক্রান্ত ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এনডিটিভির ৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি ৩ লাখের বেশি বার দেখা হয়েছে এবং ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যতিক্রমী এই চাকরির বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্যবহারকারীদের অনেকেই এটিকে ‘স্বপ্নের চাকরি’ বলে আখ্যা দিয়েছেন।
দেশবার্তা/একে