বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বেলা ১২টায় শহরের ডক্টরস মিলনায়তন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, চেম্বার অব কমার্সের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও জ্যেষ্ঠ সহসভাপতি মো. দেলোয়ার হোসেন দিলু।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আলহাজ হাফেজ মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দৈনিক সমকালের কিশোরগঞ্জ প্রতিনিধি মো. মোস্তফা কামাল, প্রতিদিনের বাংলাদেশের কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল হক মোল্লা দুলু এবং আমাদের সময়-এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মাসুদ ইকবাল প্রমুখ।
বক্তারা আমলাতান্ত্রিক জটিলতা দূর করে হয়রানিমূলক সেবা বন্ধ এবং ইটভাটাগুলো পরিবেশবান্ধব করতে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ সময় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্য ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ