দেশে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় নিজের ওপর দায় নিয়ে ব্যর্থতা স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এই ব্যর্থতা তাঁর ব্যক্তিগত, সরকারের নয়।
সোমবার দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রতিষ্ঠানের নবনির্মিত চারতলা ইস্পাত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিগত সাত মাসে এক হাজার ২০০ শিশুর হামে মৃত্যুর দায় সম্পর্কিত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।’
হামের টিকা নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ভারতের টিকা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। মোট টিকাদান কর্মসূচির মাত্র ৮ শতাংশ ভারত থেকে আনা হয়েছে। বাকি টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, দেশে ব্যবহৃত সব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এবং এগুলো সরবরাহ করেছে জাতিসংঘের সংস্থা ইউনিসেফ। বিশ্বজুড়ে ইউনিসেফ ও গ্যাভি স্বীকৃত প্রতিষ্ঠান। ইউনিসেফ বাদ দিয়ে কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে টিকা সংগ্রহ করে এমন প্রাণহানি ঘটলে পরিস্থিতি আরও মারাত্মক হতো বলে তিনি মন্তব্য করেন।
অভিভাবকদের অসচেতনতার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে যেসব শিশু হামে আক্রান্ত হচ্ছে, তাদের একটি বড় অংশই টিকাহীন। তাদের অনেকের বয়সই ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রায় কাউকেই টিকা দেওয়া হয়নি বলে চিকিৎসকরা তাঁকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
দেশবার্তা/একে