পিরোজপুর সদর উপজেলার জিহায়দার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কের পূর্ব পাশে অবস্থিত ৪৫ মিটার দীর্ঘ সেতুটি স্থানীয়ভাবে ঝাউতলা সেতু নামে পরিচিত। উত্তর শংকরপাশা, দক্ষিণ শংকরপাশা, কালিকাঠী, বাঁশবাড়ীয়া, পাঙ্গাসিয়া, চিথলিয়া, দক্ষিণ গাজীপুর, রাইনখালী, বাদোখালি, বাদুরা, হরিনা ও হরিনা গাজীপুর এই ১২ গ্রামের প্রায় দেড় হাজার মানুষ প্রতিদিন সেতুটি ব্যবহার করেন। তাঁদের মধ্যে মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী রয়েছেন। বিকল্প কোনো সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই সেতুটি পার হতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, ঝাউতলা সেতুর বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোথাও ভাঙা অংশের ওপর সুপারি গাছের চটা, কোথাও কাঠের টুকরা বিছিয়ে চলাচলের ব্যবস্থা করেছেন স্থানীয় বাসিন্দারা। আবার কোথাও স্ল্যাব ভেঙে বেরিয়ে আছে লোহার রড। সেতুর ওপর দিয়ে কেউ হেঁটে গেলেই ঝনঝন শব্দ হয়, কেঁপে ওঠে পুরো সেতু। এমন ঝুঁকিপূর্ণ সেতু পার হতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করছেন ১২ গ্রামের মানুষ। সেতুটি দিয়ে যানবাহন চলাচল করতে না পারায় যাত্রীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অটোরিকশা বা ভ্যানে আসা যাত্রীদের সেতুর এক পাশে নেমে হেঁটে পার হতে হয়।
এরপর অন্য পাশে গিয়ে আবার নতুন যানবাহনে উঠতে হয়। ফলে বাড়ি থেকে সরাসরি বাজারে কিংবা বাজার থেকে বাড়িতে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। সেতু পারাপারের এই ভোগান্তি শুধু যাতায়াতেই সীমাবদ্ধ নয়। কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনেও সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ধান, সুপারি ও অন্যান্য কৃষিপণ্য এক পাশ থেকে অন্য পাশে নিতে অনেক সময় মাথায় করে বহন করতে হয়। নির্মাণসামগ্রী আনা-নেওয়াও বেশ কষ্টসাধ্য। শ্রমিক পাওয়া না গেলে নিজেদেরই মাথায় করে মালামাল পার করতে হয়। 'সেতুটির আশপাশের এক কিলোমিটারের মধ্যে রয়েছে মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরাও এই পথ ব্যবহার করেন। প্রতিদিন ঝুঁকিপূর্ণ সেতু পার হয়েই তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, 'ঝাউতলা সেতুটির উন্নয়নের জন্য ইতিমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) তালিকা পাঠানো হয়েছে। গত মাসেও এ বিষয়ে কথা হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।'
দেশবার্তা/জেএ