বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সরকার। তবে পরিবেশগত মান ও বিধিবিধান না মানলে কোনো ট্যানারিকে উৎপাদনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ নিতে হবে।
বুধবার রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬’ এবং সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজের (সিবিআই) হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রিতা চামড়াশিল্পের অগ্রগতিতে বাধা তৈরি করেছে। সরকার এখন এ খাতের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নিচ্ছে। যেসব কারখানা স্থানান্তরের পরও উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’
চামড়াশিল্পে পরিবেশগত মান নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি সাভারের সব ট্যানারিকে এলডব্লিউজি সনদ অর্জন করতে হবে। পরিবেশগত বিধিবিধান পরিপালনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়াশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।’
চামড়াজাত পণ্যে রপ্তানি ১৭৮ কোটি ডলার
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিতে বড় সম্ভাবনা রয়েছে। গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাজার। পাশাপাশি ভারতও চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হয়ে উঠেছে।’
এ সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের গুণগত মান, পরিবেশগত কমপ্লায়েন্স এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
এসএমই পুনঃঅর্থায়নে বরাদ্দ ২ হাজার কোটি টাকা
অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অর্থায়ন নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ।
মন্ত্রী বলেন, ‘দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) অবদান এখনো এক-চতুর্থাংশের কম। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আয়বৈষম্য কমাতে এ খাতের অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করা প্রয়োজন।’
ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের প্রতিবন্ধকতা তুলে ধরে তিনি বলেন, ‘ব্যাংকঋণের জটিল নথিপত্র ও প্রক্রিয়ার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন পান না। এ সমস্যা দূর করতে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণসুবিধা পাবেন।’
বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য সহযোগিতা
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণে দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে। বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত অভিজ্ঞতা বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডসও বক্তব্য দেন।
সিবিআই ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিবিআইয়ের হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন করা হয়।
দেশবার্তা/একে