যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, যারা স্বপ্ন দেখছেন আপনাদের ওই স্বৈরাচার নেত্রী দেশে আসবে, আপনারা এখনও বোকার রাজ্যে বাস করছেন। আপনাদের নেত্রী আপনাদেরকে রেখে পালিয়ে গেছে, তার আর বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না। কারণ আমরা আর কোনো স্বৈরাচারের প্রেতাত্মা দেখতে চাই না, কোনো স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশে দেখতে চাই না।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু এবং নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক।
এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা ২-১ গোলে রানীনগর উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়। এদিকে রাণীনগর উপজেলা টিম অংশগ্রহণ করায় ইউএনও রাকিবুল হাসান ও টিম ম্যানেজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজ-বা-উল হক লিটন উপজেলাবাসী ও খেলোয়াড়দের প্রতি ধন্যবাদ জানান।