অভিবাসীদের জন্য প্রত্যাবর্তন কেন্দ্র খুলছে ইউরোপের পাঁচ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ ২০২৭ সালের মধ্যে আফ্রিকার দেশ রুয়ান্ডায় অভিবাসীদের প্রত্যাবর্তন কেন্দ্র (রিটার্ন হাব) স্থাপন করতে

2026-11-17T15:08:25+06:00
2026-11-17T15:08:25+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
অভিবাসীদের জন্য প্রত্যাবর্তন কেন্দ্র খুলছে ইউরোপের পাঁচ দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম 
⏲
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ ২০২৭ সালের মধ্যে আফ্রিকার দেশ রুয়ান্ডায় অভিবাসীদের প্রত্যাবর্তন কেন্দ্র (রিটার্ন হাব) স্থাপন করতে যাচ্ছে। অবৈধভাবে অবস্থানকারী এবং বহিষ্কারের আদেশ পাওয়া অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশ পাঁচটি হলো- জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস ও ডেনমার্ক সরকারের বিবৃতিতে বলা হয়েছে, যেসব অভিবাসীর নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে এসব কেন্দ্র কাজ করবে। সেখানে পাঠানো ব্যক্তিরা চাইলে রুয়ান্ডার সমাজে বসবাস করতে পারবেন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন।

পরিকল্পনাটি কেবল ওই পাঁচ দেশে বৈধভাবে অবস্থানের সব সুযোগ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যুক্তরাজ্যের আগের রুয়ান্ডা পরিকল্পনার সঙ্গে এর পার্থক্য রয়েছে। যুক্তরাজ্যের ওই পরিকল্পনায় আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠিয়ে সেখানে তাদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়াকরণের কথা ছিল। আইনি জটিলতায় সেটি কার্যকর হয়নি। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর লেবার সরকার পরিকল্পনাটি বাতিল করে। তবে নতুন উদ্যোগে যুক্তরাজ্যের অংশগ্রহণের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি ডাউনিং স্ট্রিট। তারা বিষয়টি পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে।

সোমবার ভিয়েনায় যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ইউরোপের আশ্রয়ব্যবস্থার ওপর চাপ কমানো এবং মানব পাচারকারীদের প্রাণঘাতী সমুদ্রযাত্রার আয়োজন বন্ধ করাই এ উদ্যোগের লক্ষ্য।

নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, পরিকল্পনার প্রথম পর্যায়ে কেবল অবিবাহিত পুরুষদের পাঠানো হবে। বিশেষ করে রুয়ান্ডার কাছাকাছি অঞ্চলের দেশগুলো থেকে আসা ব্যক্তিদের ওপর গুরুত্ব দেওয়া হবে। সেখানে পৌঁছানোর পর তাদের বসবাস, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শ্রমবাজার ও আইনি ব্যবস্থায় প্রবেশের সুযোগ থাকবে।

রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেছেন, অভিবাসীদের জন্য নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ সমাধান নিশ্চিত করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ।

তবে এ পরিকল্পনার সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুয়ান্ডায় এ ধরনের কেন্দ্র স্থাপনের মধ্যে তিনি কোনো ভবিষ্যৎ বা মানবিকতা দেখছেন না। এটি কোনো সমাধান নয়।

মানবাধিকার সংস্থাগুলোও এ উদ্যোগ নিয়ে উদ্বেগ জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের আফ্রিকা বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ক্লেমেন্টিন ডি মন্টজয়ে বলেন, রুয়ান্ডায় ভিন্নমত দমন, নির্বিচারে আটক ও বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ ছাড়া প্রতিবেশী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সশস্ত্র বিদ্রোহীদের সহায়তার অভিযোগও রয়েছে দেশটির বিরুদ্ধে। অভিবাসীদের সেখানে পাঠানোর জন্য অর্থ দেওয়া হলে তা রুয়ান্ডা সরকারকে আর্থিক ও রাজনৈতিকভাবে সুবিধা দেবে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকারবিষয়ক সংস্থা ইইউএএফআর বলেছে, তৃতীয় কোনো দেশে প্রত্যাবর্তন কেন্দ্র স্থাপন করা হলেও সেখানে মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে হবে। কাউকে এমন দেশে পাঠানো যাবে না, যেখানে তিনি নিপীড়নের গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন। অভিভাবকহীন শিশুদের এ ধরনের কেন্দ্রে পাঠানোও উচিত নয়। ডাচ সরকার জানিয়েছে, শিশুদের এ পরিকল্পনার আওতায় আনা হবে না।

কূটনৈতিক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে কেন্দ্রটি পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ১০০ জন থাকতে পারবেন। পাঁচটি দেশ থেকে ২০ জন করে অভিবাসী পাঠানোর সম্ভাবনা রয়েছে। এ কার্যক্রমে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহায়ক ভূমিকা রাখতে পারে।

এদিকে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ইউরোপীয় ইউনিয়নে প্রায় ১ লাখ ১০ হাজার অনিয়মিত সীমান্ত অতিক্রমের ঘটনা শনাক্ত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কম। অক্টোবরে এ সংখ্যা ছিল প্রায় ১৮ হাজার ১০০, যা গত বছরের একই মাসের তুলনায় ৬ শতাংশ কম। তবে সেপ্টেম্বরে তুলনায় বেড়েছে ২২ শতাংশ। পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের পথে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩১৪
বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি
হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ২০০টি চলবে ঢাকায়
হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা জব্দ

সর্বাধিক পঠিত 

কু‌ড়িগ্রা‌মে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement