দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে পাবনাবাসীর। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে পাবনা-ঢাকা রুটের নতুন আন্তনগর ট্রেন। এর মধ্য দিয়ে সরাসরি রেল যোগাযোগে যুক্ত হচ্ছে পাবনা সদর ও রাজধানী ঢাকা। নতুন ট্রেন চালুর ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন ২০ নভেম্বর থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।
এর মধ্যে প্রভাতী এক্সপ্রেস সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে গোধূলি এক্সপ্রেস বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে।
পাবনা-ঢাকা রুটে চলাচলকারী নতুন আন্তনগর ট্রেন দুটি মধ্যবর্তী ৮টি স্টেশনে যাত্রাবিরতি করবে। স্টেশনগুলো হলো- ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর। এসব স্টেশনে যাত্রী ওঠানামার সুযোগ থাকায় পাবনাসহ পথের বিভিন্ন এলাকার মানুষ ট্রেন দুটি ব্যবহার করতে পারবেন।
কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে কত ভাড়া লাগবে, তা নিয়েও যাত্রীদের আগ্রহ রয়েছে। পাবনা থেকে প্রভাতী এক্সপ্রেসে ঈশ্বরদী পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৫০ টাকা এবং স্নিগ্ধার ভাড়া ১১৫ টাকা। চাটমোহর পর্যন্ত শোভন চেয়ার ৭০ টাকা ও স্নিগ্ধা ১১৩ টাকা, বড়ালব্রিজ পর্যন্ত যথাক্রমে ৮৫ ও ১৫৬ টাকা এবং উল্লাপাড়া পর্যন্ত শোভন চেয়ার ১১০ টাকা ও স্নিগ্ধা ২০৭ টাকা।
এছাড়া শহীদ এম মনসুর আলী পর্যন্ত শোভন চেয়ার ১৩০ টাকা ও স্নিগ্ধা ২৪৮ টাকা, টাঙ্গাইল পর্যন্ত যথাক্রমে ৩১৫ ও ৫৯৮ টাকা, জয়দেবপুর পর্যন্ত ৩৮৫ ও ৭৩৬ টাকা এবং ঢাকা বিমানবন্দর স্টেশন পর্যন্ত ৪২৫ ও ৮১৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, গোধূলি এক্সপ্রেসে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে জয়দেবপুর পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৫০ টাকা ও স্নিগ্ধার ভাড়া ১১৫ টাকা। টাঙ্গাইল পর্যন্ত যথাক্রমে ১১৫ ও ২১৯ টাকা, শহীদ এম মনসুর আলী পর্যন্ত ৩০০ ও ৫৭০ টাকা এবং উল্লাপাড়া পর্যন্ত ৩২০ ও ৬১৬ টাকা।
বড়ালব্রিজ পর্যন্ত শোভন চেয়ার ৩৪৫ টাকা ও স্নিগ্ধা ৬৬২ টাকা, চাটমোহর পর্যন্ত যথাক্রমে ৩৬০ ও ৬৮৫ টাকা, ঈশ্বরদী পর্যন্ত ৩৯০ ও ৭৪২ টাকা এবং পাবনা পর্যন্ত ৪২৫ ও ৮১৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ভাড়ার সঙ্গে সহজের চার্জ হিসেবে আরও ২০ টাকা যোগ হবে।
গত ১২ নভেম্বর ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি করা হয়। পরবর্তী প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত সময় অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।
তবে উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী দিনের বিশেষ ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী সময়ে শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে।
দেশবার্তা/একে