দ্বিতীয়বারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করা হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০-২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর ২০২৬ বিকাল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ওই সময় প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ জানান, ‘বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রাথমিক পরীক্ষামূলক সংযোগে প্রায় ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা ছিল, যার আওতায় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ কারিগরি পরীক্ষা চালানো হয়।
এরপর বিভিন্ন পরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪-৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হলো।’
ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহার আরও এক ধাপ এগোল।
রূপপুর প্রকল্পের উপপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান গণমাধ্যমকে বলেন, বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে কেন্দ্রটির টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্য ও নিরাপত্তা যাচাইয়ের জন্য ধাপে ধাপে এ ধরনের কারিগরি পরীক্ষা চালানো হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) শেষে মিশনের প্রতিবেদনে কেন্দ্রটির জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামোগত সক্ষমতার প্রশংসা করা হয়েছে। প্রতিবেদনে কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদানব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ও আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, কেন্দ্রটির অভ্যন্তরীণ বা অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট ঘাটতি দেখা যায়নি।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এ পর্যালোচনা চলে। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জরুরি প্রস্তুতির ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও জোরদার করার পরামর্শ দিয়েছে আইএইএ।
দেশবার্তা/একে