দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৫ নভেম্বর) সকালে দুদকের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক মো. রাজু আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্রে জানা যায়, বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও কর্মকর্তাদের অনুপস্থিতি, স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
রাঙামাটি দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। তদন্তে কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে। দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক চিকিৎসক ও কর্মকর্তা অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জিকু শীল বলেন, দুদকের একটি দল সকালে বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করেছে। আমরা সব তথ্য উপস্থাপন করেছি। বর্তমানে জনবল সংকট প্রকট। ১৭ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র একজন।
অভিযান শেষে দুদক টিম উপজেলার আইমাছড়া পরিবার কল্যাণ কেন্দ্র এবং ভূষণছড়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে যায়। সেখানে আইমাছড়া কেন্দ্রে কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি, অফিসে তালা ঝুলছিল।
অন্যদিকে ভূষণছড়া পরিবার কল্যাণ কেন্দ্রে একজন স্বাস্থ্যসেবা কর্মী থাকলেও পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযানকালে দুদক কর্মকর্তারা বিভিন্ন নথি যাচাই করেন এবং নিয়মিত সেবা প্রদানে অনিয়মের প্রমাণ পান বলে জানা গেছে।
প্রতিনিধি/একে