‘কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মাধবদীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার প্রাইম জেনারেল হাসপাতালের মাধবদী ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে এসব আয়োজন করা হয়।
সকালে সাড়ে ৮টায় হাসপাতাল গেট থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে মাধবদী শহরের আনন্দী মোড়, ঢাকা–সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড, বাজারের বিভিন্ন গলি, পৌরসভা মোড়, বটতলা, ম্যানচেস্টার চত্বর হয়ে শীতলাবাড়ি রোড পর্যন্ত প্রদক্ষিণ করে। প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণকারীরা জনসচেতনতামূলক রোড শোও পরিচালনা করেন।
এরপর সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রাইম জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় স্বল্পমূল্যে ডায়াবেটিস পরীক্ষা–নিরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মাধবদীতেও দিবসটি ঘিরে নানা সচেতনতামূলক আয়োজন করা হয়।
প্রাইম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মহসিনুল হক বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা অত্যন্ত জরুরি। নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা, খাদ্যাভ্যাসে পরিবর্তন, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিসের ৫০ শতাংশই প্রতিরোধ করা সম্ভব। তিনি আরও বলেন, অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার, কায়িক শ্রমের অভাব, মানসিক চাপ ও স্থূলতাই ডায়াবেটিস বৃদ্ধির প্রধান কারণ। এমনকি শিশু-কিশোরদের মধ্যেও অনিয়মিত খাবার ও স্থূলতার কারণে এ রোগের ঝুঁকি বাড়ছে। তাই শৃঙ্খল জীবনযাপনই ডায়াবেটিস প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
র্যালিতে উপস্থিত ছিলেন প্রাইম জেনারেল হাসপাতালের ম্যানেজার সাইদুল ইসলাম বাবু, সহকারী ম্যানেজার সুমন দে, হাসপাতালের কর্মকর্তা–কর্মচারী, চিকিৎসকসহ অর্ধশতাধিক স্থানীয় মানুষ।