চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদের সমর্থনে চাঁদপুর শহরের হাসান আলী মাঠে সোমবার বিকেলে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।
তিনি বলেন, ‘১৭ বছর চাঁদপুরবাসীর মনের আশা পূরণ হয়নি। ধানের শীষের এই মার্কা বহুদিন ধরে মানুষের মনে ছিল। এই ধানের শীষের ইতিহাস আপনাদের জানি কি? এই মার্কা মজলুম জননেতা মাওলানা ভাসানী জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ১৭ বছর যারা মাঠে ছিলেন, তাদের হাতেই ধানের শীষ তুলে দিয়েছেন। আমাকে পাঠিয়েছেন এই ধানের শীষ আপনাদের প্রার্থী মানিক সাহেবের হাতে তুলে দেওয়ার জন্য।’
হাবিবুন নবী খান সোহেল আরও বলেন, ‘যারা বিএনপির নামে গিবত করে বেড়াচ্ছে, তারা জানেন গিবত করা কত বড় অপরাধ। তারা বলে দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। আমাদের প্রিয় নবী কখনও জান্নাতের টিকেট বিক্রি করেননি। তারা কত বড় ভন্ড, কত বড় প্রতারক। একদিন জামায়াতে আমির পোস্ট দিয়েছেন, যেসব নারীরা কর্মক্ষেত্রে যায় তারা পতিতার মতো। পরে যখন সারাদেশ উত্তাল হলো, তখন বললেন আইডি হ্যাক হয়েছে। তাদের আরেকজন নেতাও নারীদের নিয়ে মন্তব্য করেছেন। এটা হচ্ছে নারীদের প্রতি জামায়াতের মনোভাব। আমি বিশ্বাস করি, একজন নারীও জামায়াতে ভোট দিতে পারবেন না। এদেশের মানুষ কি ৭১ ভুলে গেছে?’
তিনি বলেন, ‘মানুষ দুটি কারণে বিএনপিকে ভোট দেবে। প্রথমত, বছরের পর বছর মানুষের বিএনপির প্রতি আস্থা তৈরি হয়েছে। মানুষ জানে বিএনপি কারো গোলামী করে না। দ্বিতীয়ত, জনগণ তারেক রহমানকে চেনে। তারেক রহমানও জানেন, ক্ষমতা নিলে একসময় ক্ষমতা ছাড়তে হবে। যেদিন জনগণ তারেক রহমানকে চাইবেন না, সেদিনই তিনি ক্ষমতা ছাড়বেন।’
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে যদি আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তাহলে ১২ ফেব্রুয়ারি সকালেই ভোট কেন্দ্রে যাবেন। অনেকে নানা পরিকল্পনা করছে, আপনি কোনো অন্যায় পরিকল্পনায় পা দেবেন না। যদি কেউ অন্যায় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, সাথে সাথে পুলিশকে জানাবেন। চাঁদপুরকে আমরা মাদক ও দুর্নীতি মুক্ত করবো। সুপেয় পানির ব্যবস্থা করবো। আমরা সবাইকে নিয়ে চাঁদপুরের সকল সমস্যা সমাধান করবো। ভোট গণনার রেজাল্ট ছাড়া ঘরে ফিরে যাবেন না।’
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জমিয়তে ইসলাম জেলা শাখার সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিয়াজী এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী।
প্রতিনিধি/একে