নোয়াখালীর চাটখিল উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, চাটখিল শিশু হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অপরদিকে, নবজাতক শিশু হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় কারাদণ্ড কার্যকর করা হয়নি।
অভিযানে সহযোগিতা করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ডা. শহিদুল আহমেদ নয়ন, স্যানিটারি ইন্সপেক্টর (এমওডি) ডা. আলী আকবরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রতিনিধি/আরএইচ