সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী সাদিয়া আক্তার (২৩) পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (২৫) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পরিদর্শক মিন্টু কুমার।
তিনি জানান, সাদিয়া হত্যা মামলায় অভিযুক্ত আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানাকে গত ২১ জুলাই ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত একটি ক্যাপ এবং নিহত সাদিয়ার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের বিক্রি করা স্বর্ণালঙ্কারও উদ্ধার করে পিবিআই। বুধবার তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই জানায়, গত ১২ জুলাই সিদ্ধিরগঞ্জের একটি ভাড়া বাসায় গার্মেন্টসকর্মী সাদিয়া আক্তারকে হত্যা করা হয়। ঘটনার পর প্রাথমিক তদন্তে তার সাবেক স্বামী ইব্রাহিমকে চার ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরবর্তী তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হয়।
তদন্তে জানা যায়, স্বামী ইব্রাহিমের সঙ্গে বনিবনা না হওয়ায় সাদিয়া তাকে তালাক দেন। পরে আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানাকে স্বামী পরিচয়ে নিয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। একপর্যায়ে সাদিয়া বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত ১২ জুলাই আব্দুর রাজ্জাক সাদিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান বলে পিবিআই জানিয়েছে।
প্রতিনিধি/আরএইচ