রাজধানীর খুচরা বাজারে গেলো সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম কিছুটা কমতির দিকে। তবে সবজি, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো চড়া। ফলে মরিচের দামে কিছুটা কমলেও বাজারে গিয়ে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪০০ টাকায় উঠেছিল। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকা কেজি দরে।
খুচরা ও পাইকারি বিক্রেতারা জানিয়েছেন, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার পর থেকেই স্থানীয় বাজারে দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি মরিচের দাম কমেছে ৮০ থেকে ১২০ টাকা।
কারওয়ান বাজারের এক বিক্রেতা সুমন হাওলাদার বলেন, ভারত থেকে মরিচ আসতে শুরু করায় সরবরাহ বেড়েছে। সে কারণেই দাম কমেছে। তবে বিভিন্ন এলাকায় বন্যার কারণে দেশে উৎপাদিত অন্য অনেক পণ্যের সরবরাহ ও পাইকারি দাম বেশি থাকায় খুচরা পর্যায়েও দাম কমানো সম্ভব হচ্ছে না।
এদিকে একই বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী মো. রফিকুল ইসলাম বলেন, মরিচের দাম কিছুটা কমেছে, এটা ভালো খবর। কিন্তু ডিম, সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দাম এখনো বেশি। এক-দুটি পণ্যের দাম কমলেও মোট বাজার খরচে তেমন কোনো প্রভাব পড়ছে না।
বাজারে টানা দুই সপ্তাহ ধরে বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। দুই সপ্তাহ আগে পাড়া-মহল্লার দোকানে বাদামি রঙের এক ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি হলেও গত সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ১৫০ টাকায়। চলতি সপ্তাহের শেষে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা পর্যন্ত। তবে বড় বাজারগুলোতে প্রতি ডজন ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
সবজির বাজারেও কিছু পণ্যের দামে সামান্য কমতির আভাস মিলছে। লম্বা বেগুন, যা গত সপ্তাহে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, এখন মান ও বাজারভেদে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গোল বেগুনের দাম এখনো কেজিপ্রতি প্রায় ১৫০ টাকা।
শসার দামও কিছুটা কমে মানভেদে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে। কাঁচা পেঁপে আগের মতোই ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে ধুন্দল, ঝিঙা ও চিচিঙা বাজারভেদে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখি ৭০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৮০ টাকা এবং করলা ৯০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে প্রতি পিস চাল কুমড়া ৫০ থেকে ৭০ টাকা এবং দেশি লাউ ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এদিকে, পেঁয়াজের বাজার উচ্চমূল্যেই রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। তবে আলুর দাম অপরিবর্তিত থেকে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।
ডিমের দাম বাড়লেও গত এক সপ্তাহে ব্রয়লার মুরগির দামে তেমন পরিবর্তন হয়নি, যদিও দুই সপ্তাহ আগে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছিল। বর্তমানে বাজারভেদে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশবার্তা/এমআর