জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৪৮৫ এ অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া ব্যাংকটিতে কর্মরতদের সন্তানদের আঁকা ছবির প্রদর্শনীরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
প্রধান অতিথি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জুলাইয়ের চেতনা ধারণ করে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণ এবং কৃষি খাতের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে