ভোক্তাপর্যায়ে ফের বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। আগস্ট মাসের জন্য ১২ কেজি ওজনের প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে এখন থেকে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হবে ১ হাজার ৫৯৮ টাকা, যা এতদিন ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলতি বছরের আগস্ট মাসের জন্য জ্বালানি পণ্যের এই নতুন দর ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিটেইলার পয়েন্টে মূসকসহ ভোক্তাপর্যায়ের জন্য এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
সংস্থাটি স্পষ্ট করেছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে এই দাম সারা দেশে কার্যকর হিসেবে গণ্য হবে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নতুন এই দরই বহাল থাকবে।
দেশবার্তা/একে