ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের বাবলাতলা বাসস্ট্যান্ডের ১০০ মিটার দক্ষিণে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাদে পড়ার আগে বাসটি কয়েকবার নিয়ন্ত্রণ হারিয়ে দুলতে থাকে। চালক বাসটি সড়কের পাশে একটি গাছে ঠেকিয়ে থামানোর চেষ্টা করলে গাছ ভেঙে বাসটি পাশের খাদের পানিতে পড়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীর দশমিনাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা আক্তার জানান, দুর্ঘটনায় আহত ২১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/আরএইচ