কক্সবাজারের টেকনাফে ব্যস্ত সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের তিন বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৬০ লাখ টাকার বেশি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতদের গুলিতে একজন গুলিবিদ্ধ এবং হামলায় আরও একজন আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার ১৪ নম্বর সেতু-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করতে সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে সংঘবদ্ধ ডাকাতদল। পরে বাসে উঠে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে বিকাশের তিন বিক্রয় প্রতিনিধি—একরাম, সাকিব ও আরমানের ওপর হামলা চালায়।
ডাকাতরা তাদের মারধর করে সঙ্গে থাকা ৬০ লাখ টাকার বেশি নগদ অর্থ ছিনিয়ে নেয়। এ সময় আরমান গুলিবিদ্ধ হন এবং আরও একজন প্রতিনিধি আহত হন। পরে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্ঝলা বাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী বিকাশ প্রতিনিধি সাকিব অভিযোগ করেন, ডাকাতদের হামলার সময় তারা বাসচালককে দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে বললেও তিনি বাস থামিয়ে রাখেন। তার দাবি, বাসচালকের সঙ্গে ডাকাতদের যোগসাজশ থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে বাসচালকের বক্তব্য পাওয়া যায়নি।
টেকনাফের বিকাশ প্রতিনিধি ও তরুণ উদ্যোক্তা আব্দুল করিম বলেন, এটি পরিকল্পিত ডাকাতি। হামলায় ৬০ লাখ টাকার বেশি লুট হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দিনদুপুরে টেকনাফের গুরুত্বপূর্ণ সড়কে এ ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং মহাসড়কে টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিনিধি/আরএইচ