দিনাজপুরের বিরল সীমান্তে পৃথক অভিযানে ইয়াবা, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশি মদ, দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ আগস্ট রাত ১১টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধীন এনায়েতপুর বিওপির সদস্যরা বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২২/৩-এস থেকে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাঁওতালপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় দুই পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ মো. জাফর আলীকে (৩৪) আটক করা হয়। তিনি বিরল উপজেলার কালিয়াগঞ্জ ধর্মপুর গ্রামের মো. সোনার আলীর ছেলে।
পরে আটক ব্যক্তি, উদ্ধার করা মাদক, মোটরসাইকেল ও মোবাইল ফোন বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া একই দিন রাত ১০টা ৫০ মিনিটে ভান্ডারা বিওপির সদস্যরা বিরল উপজেলার সীমান্ত মেইন পিলার ৩২৭ থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৪টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
এরপর ২ আগস্ট রাত ৩টার দিকে ডুংডুগী বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৩২৫/৫-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটিয়ামোড় দক্ষিণ গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ২০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪১ বোতল দেশি মদ উদ্ধার করেন।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
উদ্ধার করা মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য আলামতের মোট সিজার মূল্য ২ লাখ ৫৬ হাজার ৩০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রতিনিধি/আরএইচ