কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে জাহিদুল ইসলাম জিন্নাত হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক।
মামলার তদন্ত কর্মকর্তা রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান রোববার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এ হত্যা মামলায় ২৮ আসামির মধ্যে এখন পর্যন্ত প্রধান আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে জাহিদুল ইসলাম জিন্নাত ও জয়নাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। গত ১৪ জুলাই জিন্নাত নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জয়নাল হোসেনের ছেলে লিয়াকত হোসেন লিমন বল্লম দিয়ে জিন্নাতের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই জয়নাল আবেদীন ২৮ জনকে আসামি করে রাজারহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহতের শ্যালক আসাদুজ্জামান আরিফ বলেন, “পুলিশ দ্রুত সময়ে প্রধান আসামি লিমনকে গ্রেপ্তার করায় আমরা খুশি। বাকি আসামিদের গ্রেপ্তারেও পুলিশ তৎপর রয়েছে। আমার চাওয়া, বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হোক এবং মামলার অন্যান্য আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হোক।”
নিহতের ছেলে মো. সাকিব বলেন, “আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”
প্রতিনিধি/আরএইচ