সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ছয়টি বার্থে অপারেটর নিয়োগের প্রস্তাব অনুমোদন না পাওয়ায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়েছে। প্রায় ২৬৪ কোটি টাকার এ প্রস্তাব ফেরত দিয়ে নতুন করে দরপত্র আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নতুন অপারেটর নিয়োগে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জিসিবির ছয়টি বার্থে দায়িত্ব পালনকারী বর্তমান অপারেটরদের চুক্তির মেয়াদ প্রায় দুই মাস আগে শেষ হয়েছে। তবে নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত পুরোনো অপারেটররাই বার্থগুলো পরিচালনা করছেন।
বন্দর সূত্র জানায়, জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর (স্টিভেডরিং) কাজ পরিচালনার জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ওয়ান স্টেজ, টু এনভেলপ পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। ছয়টি লটে মোট ১২টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে ১১টি প্রতিষ্ঠান কারিগরি মূল্যায়নে যোগ্য বিবেচিত হয়।
পরবর্তী আর্থিক মূল্যায়নে টেন্ডার মূল্যায়ন কমিটি প্রতিটি বার্থের জন্য সর্বনিম্ন দরদাতা একটি করে মোট ছয়টি প্রতিষ্ঠানকে পাঁচ বছরের জন্য অপারেটর হিসেবে নিয়োগের সুপারিশ করে।
সুপারিশপ্রাপ্ত ছয় প্রতিষ্ঠানের সম্মিলিত আর্থিক প্রস্তাব ছিল প্রায় ২৬৪ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে বার্থ পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানও রয়েছে।
প্রতিনিধি/আরএইচ