প্রায় দুই বছরের বিরতি ও ব্যাপক শারীরিক পরিবর্তনের পর অবশেষে ভারতের টেস্ট দলে ফিরেছেন মুম্বাইয়ের ব্যাটার সরফরাজ খান। তরুণ ব্যাটার সাই সুদর্শনের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে ২৮ বছর বয়সী এই ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছেন ভারতীয় নির্বাচকরা।
আগামী ১৫ আগস্ট গলে শুরু হতে যাওয়া সিরিজের আগে দলে ডাক পাওয়ার পেছনে যেমন ভাগ্যের কিছুটা ছোঁয়া আছে, তেমনি রয়েছে দেড় বছরের চরম আত্মত্যাগ। জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে গত ১৮ মাসে ১৭ কেজি ওজন কমিয়ে ফিটনেসে বড় পরিবর্তন এনেছেন সরফরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে যে শারীরিক গড়ন নিয়ে আগে প্রশ্ন উঠতো, তা কাটিয়ে ওঠার পাশাপাশি লাল বলের ক্রিকেটে নিজের ব্যাটিংকেও আরও ধারালো করেছেন তিনি।
২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যর্থতার পর ভারত দল থেকে বাদ পড়েছিলেন সরফরাজ। এরপর ইংল্যান্ড সফর ও অভ্যন্তরীণ প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকতে হয় তাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে ধ্রুব জুরেলের অফস্পিনের দুর্বলতা এবং ঘরোয়া ক্রিকেটে সরফরাজের ধারাবাহিক পারফরম্যান্স তাকে নির্বাচকদের নজরে ফিরিয়ে আনে।
তাছাড়া স্কয়ারের দুপাশেই রিভার্স সুইপ ও সুইপ শট খেলায় দক্ষ হওয়ায় শ্রীলঙ্কার স্পিনবান্ধব উইকেটের জন্য তাকেই সবচেয়ে উপযুক্ত মনে করা হয়েছে।
দলে ফেরার লড়াইয়ে নিজেকে প্রস্তুত রাখতে কোনো খামতি রাখেননি সরফরাজ। মুম্বাইয়ে বর্ষার সময় অনুশীলনে ব্যাঘাত ঘটলে তিনি কাশ্মীরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে গিয়ে অনুশীলন চালান। এছাড়া মুম্বাইয়ের বিকেসি ইনডোর এবং কুরলার মন্থর ও ব্যবহৃত লাল মাটির উইকেটে ঘণ্টার পর ঘণ্টা স্পিন বোলিংয়ের বিপক্ষে স্কিল ট্রেনিং করেছেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলে জায়গা করে নিয়ে আপাতত নিজেকে প্রমাণের প্রথম ধাপে সফল সরফরাজ খান। এখন প্রবাথ জয়সুরিয়ার মতো লঙ্কান স্পিনারদের সামলে মূল একাদশে নিজের অবস্থান শক্ত করাই হবে তার মূল পরীক্ষা।
দেশবার্তা/একে