বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানিয়ে জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (২১ আগস্ট) রাতে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের উদ্যোগে শহরের আজাদ ডাক্তার মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তামালতলা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং পরে সাধারণ মানুষ ও রিকশাচালকদের মাঝে মিষ্টি বিতরণ করেন। পাশাপাশি এম রশিদুজ্জামান মিল্লাতের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে দোয়া করা হয়।
অন্যদিকে জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদের নেতৃত্বেও শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে সকাল বাজার এলাকায় পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরুজ মিয়ার নেতৃত্বে ফৌজদারী মোড় এলাকায় নেতাকর্মীদের নিয়ে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় পূর্ণমন্ত্রী হওয়ায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষের দায়িত্বেও রয়েছেন। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনি জামালপুরের বিএনপির রাজনীতিতে দ্বিতীয় পূর্ণমন্ত্রী হিসেবে যুক্ত হলেন।
পূর্ণমন্ত্রী হওয়ার খবরে জামালপুরজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা ছড়িয়ে পড়ে। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তাকে অভিনন্দন জানান।
দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলাতেও নেতাকর্মীরা রাতেই রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেন। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপির নেতাদের মতে, একজন স্থানীয় রাজনৈতিক নেতা পূর্ণমন্ত্রী হওয়ায় জাতীয় পর্যায়ে জামালপুরের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে জেলার উন্নয়ন ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রতিনিধি/আরএইচ