মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা যুদ্ধ এবার কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাপ্ত করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান বর্তমানে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে, আর এই সুবিধাজনক অবস্থাকে কাজে লাগিয়েই দীর্ঘমেয়াদি সংঘাতের ইতি টানা উচিত।
শুক্রবার (২১ আগস্ট) চিকিৎসকদের সঙ্গে আয়োজিত এক বিশেষ বৈঠকে রাষ্ট্রপ্রধান হিসেবে পেজেশকিয়ান এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
তিনি বলেন, ‘বিশ্বের সব দেশই স্বীকার করে যে যুক্তরাষ্ট্র সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের স্কুল, হাসপাতাল ও জাতীয় অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে। তবে সমস্ত বাধা সত্ত্বেও আমরা নিজেদের সক্ষমতা প্রমাণ করেছি। যেহেতু আমরা এখন ক্ষমতা ও মর্যাদার অবস্থানে আছি, তাই এখনই এই যুদ্ধের অবসান ঘটানো আমাদের জন্য শ্রেয়।’
ইরানি সংসদে থাকা কট্টরপন্থি সমালোচকদের প্রতি তোপ দেগে গত জুন মাসে ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত বিতর্কিত সমঝোতা স্মারকটির সমর্থন করেন পেজেশকিয়ান।
সমালোচকরা ওই সমঝোতাকে যুক্তরাষ্ট্রের কাছে ‘আত্মসমর্পণ’ হিসেবে আখ্যা দিলেও তা খারিজ করে তিনি বলেন, ‘তারা এমন একটি ধারাও দেখাতে পারবে না যা ইরানের নীতি বিসর্জনের ইঙ্গিত দেয়; চুক্তিটির সমস্ত অঙ্গীকারই মূলত অপর পক্ষের প্রতি প্রযোজ্য।’
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকটির মেয়াদ শেষ হওয়ার কয়েকদিন পর ইরানের সামরিক নেতৃত্ব সতর্ক করেছে যে, ইরান যে কোনো নতুন হুমকির বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর-জেনারেল আলী আবদুল্লাহি দেশটির গণমাধ্যমে সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘স্থল, আকাশ, সমুদ্র এবং সাইবার জগতে পূর্ণ প্রস্তুতি নিয়ে প্রস্তুত রয়েছে ইরানি বাহিনী। শত্রু যে কোনো নতুন দুঃসাহস দেখালে তাকে কঠোর, শাস্তিমূলক ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।’
দেশবার্তা/এমআর