উপকূলীয় জনপদ মোরেলগঞ্জ ও শরণখোলায় সুপেয় পানির সংকট দ্রুত নিরসনের দাবিতে নাগরিক সমাবেশ, পদযাত্রা ও উপজেলা পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জাগরণী চক্র ফাউন্ডেশনের ‘সৃজন’ প্রকল্পের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিপুলসংখ্যক ভুক্তভোগী নারীসহ স্থানীয় জনগোষ্ঠী অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিস্তীর্ণ এলাকায় ভূগর্ভস্থ পানিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও জোয়ারের কারণে মিষ্টি পানির উৎস ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে উপকূলের লাখো মানুষ সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নারী, শিশু ও দরিদ্র পরিবারের ওপর।
বক্তারা আরও বলেন, নিরাপদ পানির জন্য অনেক নারী ও শিশুকে দূর-দূরান্তে যেতে হয়। এতে সময়, শ্রম ও অর্থ ব্যয়ের পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত ঝুঁকিও বাড়ছে। তাই এ সংকটকে শুধু জনদুর্ভোগ নয়, বরং দীর্ঘমেয়াদি মানবিক ও জলবায়ুজনিত সংকট হিসেবে বিবেচনা করে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
সমাবেশ ও পদযাত্রা থেকে ব্যক্তি ও কমিউনিটি পর্যায়ে রেইনওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থা সম্প্রসারণ, সরকারি পুকুর ও জলাধার নিয়মিত খনন ও পুনঃখনন, বাঁধ সংস্কারের মাধ্যমে লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধ, অকার্যকর পিএসএফ দ্রুত মেরামত ও নতুন পিএসএফ স্থাপন, পানির মান পরীক্ষার সুবিধা সহজলভ্য করা এবং ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি-ভিত্তিক পানি ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করার দাবি জানানো হয়।
এ ছাড়া সুপেয় পানি সংগ্রহে নারী ও শিশুর শ্রম ও ঝুঁকি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ, সরকারি-বেসরকারি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনার জন্য উপকূলীয় এলাকায় পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিও জানান অংশগ্রহণকারীরা।
কর্মসূচিতে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষক, যুব প্রতিনিধি, কমিউনিটি নেতা, এনজিও প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণ কর্মসূচিতে বিশেষ গুরুত্ব যোগ করে।
জাগরণী চক্র ফাউন্ডেশনের ‘সৃজন’ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান বলেন, উপকূলের মানুষের নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরে পদযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বিপদাপন্ন জনগোষ্ঠীর সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা শক্তিশালীকরণ এবং নাগরিক সমাজের ক্ষমতায়ন (সৃজন) প্রকল্প’-এর আওতায় নাগরিক সমাজ ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উপজেলা পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
সংলাপে উপকূলবাসীর নিরাপদ পানির সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় পর্যায়ে পানি ব্যবস্থাপনা এবং টেকসই সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা স্থানীয় মানুষের বাস্তব সমস্যাগুলো তুলে ধরে সংকট নিরসনে প্রশাসনের দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
জাগরণী চক্র ফাউন্ডেশন এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এতে সহযোগিতা করছে বিএমজেড ও নেজ বাংলাদেশ।
প্রতিনিধি/আরএইচ