দেশে মূল্যস্ফীতির চাপ আগস্টে কিছুটা কমেছে। এ মাসে পণ্য ও সেবার গড় মূল্যবৃদ্ধির হার নেমে এসেছে ৮ দশমিক ২৬ শতাংশে। তবে একই সময়ে মানুষের মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম থাকায় সাধারণ মানুষের প্রকৃত আয় পরিস্থিতিতে বড় কোনো স্বস্তি ফেরেনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্যসূচক (সিপিআই) সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিবিএসের তথ্যানুযায়ী, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ, যা এক মাসের ব্যবধানে শূন্য দশমিক ০৬ শতাংশ পয়েন্ট কমেছে। অন্যদিকে গত বছরের আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ বার্ষিক ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০৩ শতাংশ পয়েন্ট।
মূল্যস্ফীতি সামান্য কমার পেছনে মূল ভূমিকা ছিল খাদ্যপণ্যের দাম হ্রাসের। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ০২ শতাংশে, যা আগের মাসে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। গত বছরের আগস্টে এই হার ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। ফলে মাসিক ও বার্ষিক- দুই হিসাবেই খাদ্য মূল্যস্ফীতিতে কমতির প্রবণতা দেখা গেছে।
তবে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার ক্ষেত্রে চিত্র উল্টো। আগস্টে এ খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৯ দশমিক ২৮ শতাংশ। গত বছরের একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯০ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে এ খাতে মূল্যবৃদ্ধির চাপ আরও বৃদ্ধি পেয়েছে।
অঞ্চলভিত্তিক হিসাবে আগস্টে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩১ শতাংশ, যেখানে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ০১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২০ শতাংশ, যেখানে খাদ্য খাতে ৭ দশমিক ০৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত খাতে ৮ দশমিক ৯৭ শতাংশ মূল্যস্ফীতি রেকর্ড করা হয়।
মূল্যস্ফীতির পাশাপাশি আগস্টে কমেছে মজুরি বৃদ্ধির হারও। বিবিএসের হিসাবে, জাতীয় পর্যায়ে আগস্টে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ২২ শতাংশ। ফলে আগস্টে মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি শূন্য দশমিক ২১ শতাংশ পয়েন্ট বেশি ছিল, যা জীবনযাত্রার ব্যয় ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি করছে।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আগস্টে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৭ শতাংশ এবং শিল্প খাতে ৭ দশমিক ৯৭ শতাংশ। তবে তিনটি প্রধান খাতের মধ্যে সেবা খাতেই সর্বোচ্চ ৮ দশমিক ২৫ শতাংশ মজুরি বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে খাদ্যবহির্ভূত খাতের উর্ধ্বগতি ও মজুরি বৃদ্ধির মন্থর গতির কারণে সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ বহাল রয়েছে।
দেশবার্তা/একে