নওগাঁর রাণীনগরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোজাম্মেল হক মোজা (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পারইল বাজারে এ ঘটনা ঘটে। আটক মোজাম্মেল হক মোজা উপজেলার পারইল গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে।
শিশুটির মা জানান, তার মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুলে যাওয়ার পর সহপাঠীদের সঙ্গে পারইল বাজারে খাবার কিনতে যায়। অন্য শিশুরা কেনাকাটা শেষে চলে গেলেও দোকানদার মোজাম্মেল হক মোজা শিশুটিকে দোকানের ভেতরে ডেকে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
শিশুটির পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/আরএইচ