ফেনী শহরের মুক্তবাজার এলাকায় হলুদ-মরিচ গুঁড়া করার মেশিনে জড়িয়ে নুরুল ইসলাম নামে এক মিল মালিকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ফেনী শহরের মুক্তবাজার জুলাই চত্বরের পেছনে নিজস্ব শাহজালাল ক্র্যাশিং মিলে কাজ করছিলেন নুরুল ইসলাম। সেখানে হলুদ-মরিচ গুঁড়া করার সময় অসাবধানতাবশত তাঁর পরনের লুঙ্গি চলন্ত মেশিনের বেল্টের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তেই তিনি বেল্ট ও মেশিনের সঙ্গে আটকে পড়ে মারাত্মকভাবে জখম হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার পর আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফেনী মডেল থানায় খবর দেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক আবদুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার মূল কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত নুরুল ইসলাম ছোট্টুর বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/আরএইচ