২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মাইগ্রেশনের ফল প্রকাশের পর রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে।
আন্তশিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের সশরীরে স্ব-স্ব কলেজে গিয়ে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।
ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার মার্কশিট ও সনদের সত্যায়িত কপি, প্রবেশপত্র, সদ্য তোলা ২ থেকে ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অনলাইন আবেদন নিশ্চায়নের কপি এবং শিক্ষার্থী ও অভিভাবকের সচল নম্বর জমা দিতে হবে।
এর আগে, অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফলাফল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর নির্ধারিত পোর্টালে সেটি যেমন দেখা যাচ্ছে, তেমনি শিক্ষার্থীদের কাছে এসএমএসও পাঠানো হয়েছে।
শিক্ষার্থীরা ভর্তির নির্ধারিত পোর্টালে লগইন করে নিজেদের নির্বাচন ও মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছেন। অন্যদিকে সংশ্লিষ্ট কলেজগুলোও পোর্টালে লগইন করে তাদের প্রতিষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা পেয়ে যাচ্ছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী প্রাথমিক নির্বাচন লাভ করেছিলেন।
ভর্তি নীতিমালা অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলে। তবে যাদের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে পরিবর্তিত হয় এবং যারা আগের ধাপে বাদ পড়েছিলেন, তাঁদের জন্য ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের অতিরিক্ত সুযোগ দেওয়া হয়েছিল।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি শেষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
দেশবার্তা/একে