কর্মসংস্থান ব্যাংকের ‘স্মল বিজনেস মাইক্রোফাইন্যান্স অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজ ফান্ড’ (এসবিএমএমইএফ) প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক কুড়িগ্রাম শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। রংপুরের উপ মহাব্যবস্থাপক মো. মুঞ্জু রিয়াজুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঋণ ও অগ্রিম বিভাগের উপ মহাব্যবস্থাপক এবং এসবিএমএমইএফ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান এবং ঋণ আদায় ও মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ. আকতার হোসেন প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে অরুন কুমার চৌধুরী বলেন, এসবিএমএমইএফ প্রকল্পের মাধ্যমে শুধু ঋণ সুবিধাই দেওয়া হবে না, পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ এবং মার্কেট লিংকেজ প্রদান করা হবে।
কার্যক্রম কেবল ঋণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে সহজ শর্তে অর্থায়নের পাশাপাশি হিসাব ব্যবস্থাপনা ও ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে উদ্যোক্তাদের দিকনির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে প্রকল্পের আওতায় পাঁচজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে অংশ নেওয়া উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মসূচিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাদেকুর রহমানসহ স্থানীয় কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে