আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নওগাঁয় জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের শ্রী শ্রী বুড়াকালি মাতার মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে পূজা উদযাপন পরিষদের প্রয়াত সদস্যসহ নিহত সবার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও প্রার্থনা করা হয়।
এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ছয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বর্ধিত সভায় স্থানীয় রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন পূজা উদযাপন পরিষদের নেতারা।
নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার, পৌর সাধারণ সম্পাদক পুলক সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ কর্মকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব কর্মকার, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র ও যুগ্ম সাধারণ সম্পাদক চপল কুমার মহন্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সমাজকল্যাণ সম্পাদক বাদল চৌধুরী ও দপ্তর সম্পাদক দেবাশীষ চৌধুরী অপুসহ বিভিন্ন উপজেলা শাখার নেতারা।
সভায় জেলার ১১টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ১২৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রতিমা কীভাবে তৈরি হয়েছে বা হচ্ছে, তা নিয়ে কোনো বিভ্রান্তি বা উসকানিমূলক মন্তব্যে পা দেওয়া যাবে না। সবাইকে আনন্দ ও উৎসবের পরিবেশ বজায় রেখে পূজা উদ্যাপনের আহ্বান জানান তিনি। পাশাপাশি কোনো বিশৃঙ্খলার চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর এবং উচ্চ শব্দে ডিজেসহ বিভিন্ন উচ্ছৃঙ্খলতা এড়িয়ে চলার আহ্বান জানান।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার বলেন, এবার ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া কল্যাণ ট্রাস্ট থেকেও অনুদান দেওয়া হবে। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কোনো উসকানিমূলক বক্তব্যে কান না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পূজা চলাকালে বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও করণীয় সম্পর্কে উপস্থিতদের দিকনির্দেশনা দেন।
অন্যান্য বক্তারা পূজার আগেই শহরের ভাঙাচোরা সড়ক সংস্কারের আহ্বান জানান। তাঁরা বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে সরকারের সব ধরনের সহযোগিতা প্রয়োজন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে। কোনো দুষ্কৃতকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ না পায়, সে বিষয়ে নজরদারি থাকবে। পূজার দায়িত্বে থাকা ব্যক্তিদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সতর্ক অবস্থানে থাকবে এবং সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান পুলিশ সুপার।
উল্লেখ্য, নওগাঁ জেলায় এবার ৮২২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া ছয় দিনের এ পূজায় সপ্তমী দুই দিন হওয়ায় ২১ অক্টোবর বিসর্জন অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি/আরএইচ