ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, নিষিদ্ধ স্কিন ক্রিম ও বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা বিমানবন্দরে এই অভিযান পরিচালনা করেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকায় আসা ‘ইউএল১৮৯’ ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগেজ স্ক্যানিং ও নিবিড় তল্লাশি করা হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে মোট ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট ও ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ ‘গৌরী’ ক্রিম জব্দ করা হয়।
আটক যাত্রীদের মধ্যে মোহাম্মদ রুবেলের কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬.৪ কেজি গৌরী ক্রিম, আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫.৮ কেজি গৌরী ক্রিম এবং খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। এছাড়া মমতাজ রাবেয়া বেগমের কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি গৌরী ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে ৯ কার্টন সিগারেট জব্দ করা হয়।
অন্যদিকে, ভারতের মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার ‘এআই২১৮৩’ ফ্লাইটের যাত্রী মোবারক হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার ‘ব্ল্যাক লেবেল’ ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়।
সিআইআইডি জানিয়েছে, গোপন তথ্য বিশ্লেষণ, যাত্রী প্রোফাইলিং ও সার্বক্ষণিক কড়া নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
দেশবার্তা/একে