হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর দেহ তল্লাশি করে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।
এ ঘটনায় বিমানের কর্মী ওবায়দুর রহমানকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক যাত্রীকেও আটক করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভসেকের (AVSEC) সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, অর্থাৎ প্রায় ১ দশমিক ০৫ কেজি।
এনবিআর জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে সংশ্লিষ্ট এক যাত্রীকেও আটক করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত স্বর্ণসহ জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
দেশবার্তা/এমআর