গত ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ০৫ শতাংশ। শিল্প খাতের শক্তিশালী ঘুরে দাঁড়ানোর কারণে এই প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তবে চার প্রান্তিকের সমন্বিত হিসাবে পুরো অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ।
বিবিএসের সর্বশেষ ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, স্থির মূল্যে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬০ শতাংশ। চলতি মূল্যে এ সময়ে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৭ বিলিয়ন টাকা। ২০২৪-২৫ অর্থবছরের একই প্রান্তিকে এর পরিমাণ ছিল ১৪ হাজার ৩৮৫ বিলিয়ন টাকা।
পয়েন্ট-টু-পয়েন্ট হিসাবে এপ্রিল-জুন প্রান্তিকে শিল্প খাতে উল্লেখযোগ্য গতি ফিরেছে। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫২ শতাংশ, যেখানে আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল দশমিক ৯২ শতাংশ। শিল্প খাতের উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং উপখাতে ৮ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি এ ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে।
এ সময়ে সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২৮ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ২৬ শতাংশ।
অন্যদিকে কৃষি খাতে প্রবৃদ্ধি কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৩ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৩ দশমিক ১৯ শতাংশ।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল যথাক্রমে ৪ দশমিক ৯৬, ৩ দশমিক ০৩ ও ২ দশমিক ২২ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের একই তিন প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৩ দশমিক ৯১, ৩ দশমিক ৫৩ ও ৪ দশমিক ৫৩ শতাংশ।
চার প্রান্তিকের সমন্বিত উপাত্তের ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরে স্থির মূল্যে সার্বিক জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশে।
আন্তর্জাতিক মান অনুসরণের পাশাপাশি দেশের অর্থনীতির স্বল্পমেয়াদি গতিপ্রকৃতি বিশ্লেষণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণে সহায়তার জন্য বিবিএস ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিক থেকে নিয়মিতভাবে উৎপাদন পদ্ধতিতে ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলন ও প্রকাশ করে আসছে।
দেশবার্তা/এমআর