যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমায় একক দেশ হিসেবে শীর্ষ রপ্তানিকারকের তালিকায় এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন দ্বিতীয় অবস্থানে থাকা দেশটি আগস্ট শেষে চীনের কাছে জায়গা হারিয়ে তৃতীয় স্থানে নেমেছে। এ বাজারে ভিয়েতনাম শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
বুধবার (৭ অক্টোবর) ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
অটেক্সার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৫৩৯ কোটি ৩৪ লাখ (৫.৩৯ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি আয় ৪ দশমিক ৪৩ শতাংশ কম।
অন্যদিকে একই সময়ে চীন যুক্তরাষ্ট্রে ৫৬৩ কোটি ৭ লাখ (৫.৬৩ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছে। ফলে বাংলাদেশকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দেশটি। তবে ভূরাজনৈতিক টানাপোড়েন ও শুল্কজনিত কারণে চীনের রপ্তানিও গত বছরের জানুয়ারি-আগস্টের তুলনায় ৩৯ দশমিক ৩৯ শতাংশ কমেছে।
এর আগে চলতি বছরের প্রথম সাত মাসে বাংলাদেশ ৪৬৫ কোটি ৮৯ লাখ ডলারের পোশাক রপ্তানি করে চীনের চেয়ে এগিয়ে ছিল। আগস্টের হিসাব যুক্ত হওয়ার পর সামগ্রিক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে যায় চীন।
একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। দেশের মোট পোশাক রপ্তানি আয়ের প্রায় ২০ শতাংশ আসে এই বাজার থেকে। ২০২২ সালে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৬ শতাংশ প্রবৃদ্ধি পেয়ে রেকর্ড ৯৭৩ কোটি (৯.৭৩ বিলিয়ন) ডলারে পৌঁছায়। তবে ২০২৩ সালে বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি ও সুদহার বৃদ্ধির প্রভাবে তা ২৫ শতাংশ কমে ৭২৯ কোটি ডলারে নেমে আসে।
পরের বছর, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি সামান্য বেড়ে ৭৩৪ কোটি ডলারে দাঁড়ায়। ২০২৫ সালে প্রায় ১২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তা বেড়ে ৮২০ কোটি ডলারে উন্নীত হয়।
অটেক্সার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির সামগ্রিক চিত্রেও মন্দার আভাস পাওয়া গেছে। চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়ে মার্কিন ব্যবসায়ীরা বিশ্ববাজার থেকে মোট ৪ হাজার ৯০৭ কোটি ৫৫ লাখ (৪৯.০৭ বিলিয়ন) ডলারের তৈরি পোশাক আমদানি করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ আমদানি ৭ দশমিক ৪২ শতাংশ কম। গত বছরের প্রথম আট মাসে আমদানির পরিমাণ ছিল ৫ হাজার ৩০০ কোটি ডলার।
সামগ্রিক চাহিদা কমলেও প্রথম আট মাসে যুক্তরাষ্ট্রের শীর্ষ পোশাক সরবরাহকারী হিসেবে ভিয়েতনাম তার অবস্থান ধরে রেখেছে। তবে দেশটির রপ্তানিও শূন্য দশমিক ৭৬ শতাংশ কমে ১ হাজার ৯৭ কোটি ৫৬ লাখ (১০.৯৭ বিলিয়ন) ডলারে নেমেছে।
দেশবার্তা/এমআর