সাম্প্রদায়িক শক্তিকে ফ্যাসিবাদের চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী হলেও ধর্মীয় মূল্যবোধ ধারণ করে। সব ধর্মের মূল শিক্ষাই শান্তি, সততা, অন্যের সম্পদ দখল না করা এবং সৎ পথে চলা। শনিবার (১০ অক্টোবর) সাভার পৌর এলাকার পঞ্চবটী মন্দিরে মহালয়া উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রতিটি মন্দিরের নিজস্ব পূজা উদযাপন কমিটির পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও বিশেষ কমিটি থাকবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য দলের নেতা-কর্মীরা সার্বক্ষণিক মাঠে থাকবেন।
এ বছর সারা দেশে গত বছরের তুলনায় প্রায় তিন হাজার পূজা বেড়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা নেতা-কর্মীদের আগাম সতর্ক থাকার নির্দেশ দেন। পূজা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের সতর্ক করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সমাজে কিছু কট্টর সাম্প্রদায়িক ব্যক্তি রয়েছেন, যাঁরা সামান্য অর্থের বিনিময়ে বড় ধরনের অঘটন ঘটাতে পারেন। পূজা শেষ না হওয়া পর্যন্ত কঠোরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি। তা না হলে জাতিগতভাবে অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন।
অতীতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নাসিরনগর, সুনামগঞ্জসহ অন্তত ১০০টি স্থানে হামলার প্রমাণ রয়েছে। তাঁর দাবি, জরিপ করলে দেখা যাবে, সংখ্যালঘু সম্প্রদায়ের ৯০ শতাংশ জমি আওয়ামী লীগের লোকজন দখল করেছেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই নেতা। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। শেখ হাসিনা দেশে ফিরবেন বলে দলটির পক্ষ থেকে বলা হলেও ফেরার নির্দিষ্ট কোনো তারিখ নেই বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সাভার পৌর এলাকার প্রায় অর্ধশতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়।
দেশবার্তা/জেএ