এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং তাদের উন্নত ক্যারিয়ার গঠনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে আগামী বছর থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
মাহদী আমিন বলেন, অনুষ্ঠানে আসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমবারের মতো এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
উদ্যোগটির বিস্তারিত তুলে ধরে তিনি জানান, ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এসব শিক্ষার্থীকে সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরির দিকে এগিয়ে নেওয়া হবে, যাতে তারা কোনোভাবেই পিছিয়ে না পড়ে।
এ বছর প্রায় ছয় লাখ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পেছনে একক কোনো কারণ নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী বছর থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা না করিয়ে তিন থেকে ছয় মাসের মধ্যেই পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ চালু করা হবে।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষা বিশেষজ্ঞরা বক্তব্য দেন।
দেশবার্তা/একে