নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত প্রীয়ন্তী সরকার চিত্রা (২২) রংপুরের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী ২০২৫ সালের আগস্টে একটি টেলিগ্রাম আইডির মাধ্যমে অনলাইন পার্টটাইম চাকরির প্রস্তাব পান। চক্রটি ডাচ প্রতিষ্ঠানের নকল ওয়েবসাইটে একটি ট্রাভেল প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যটনকেন্দ্রের রেটিং ও ফিডব্যাক দেওয়ার বিনিময়ে দৈনিক ৮০০ থেকে ২,৫০০ টাকা আয়ের প্রলোভন দেখায়। বিশ্বস্ততা অর্জনে শুরুতে তাকে কাজের পারিশ্রমিকও পাঠানো হয়।
পরবর্তী সময়ে ভুক্তভোগীকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে ১ লাখ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগে আকর্ষণীয় মুনাফার প্রস্তাব দেওয়া হয়। গ্রুপে অন্য সদস্যদের কথিত ব্যাংক স্লিপের ছবি দেখে আকৃষ্ট হয়ে ভুক্তভোগী ওই বছরের ২২ আগস্ট নিজের ব্যবসায়ী হিসাব থেকে প্রথমে ১ লাখ টাকা পাঠান। পরে নির্দিষ্ট ভিজিট সম্পন্ন ও শর্ত পূরণের নামে একই দিনে বিভিন্ন ব্যাংকিং ও ডিজিটাল মাধ্যমে তাঁর কাছ থেকে মোট ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা হাতিয়ে নেওয়া হয়।
মুনাফা বা মূলধন ফেরত না দিয়ে নতুন করে আরও টাকা দাবি করা হলে ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে আদালতের আশ্রয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন।
সিআইডির তদন্তে উঠে আসে, প্রতারক চক্রটির ‘লিজা’ নামধারী এক সদস্যের নির্দেশে বাদীর বিশ্বাস অর্জনে গ্রেপ্তারকৃত প্রীয়ন্তীর নামে নিবন্ধিত মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট (এমএফএস) থেকেই প্রাথমিক পারিশ্রমিকের টাকা পাঠানো হয়েছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রীয়ন্তী ওই নির্দেশের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। অর্থের উৎস ও গন্তব্য অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।
একই মামলায় এর আগে আরও ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে, যাদের মধ্যে ৪ জন ইতিমধ্যে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় অনলাইনভিত্তিক কাজ, টাস্ক পূরণ করে আয়ের লোভনীয় প্রস্তাব এবং অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিআইডি।
দেশবার্তা/ইআই/একে