ঘোড়ায় চড়ে আসবেন দেবী দুর্গা, নৌকায় বিদায়

দেশবার্তা প্রতিবেদক

ধর্ম

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে। পঞ্জিকা অনুযায়ী, আজ দেবীর

2026-10-15T14:00:34+06:00
2026-10-15T14:00:34+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
ধর্ম
ঘোড়ায় চড়ে আসবেন দেবী দুর্গা, নৌকায় বিদায়
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:০০ পিএম 
⏲
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে। পঞ্জিকা অনুযায়ী, আজ দেবীর বোধন। পাঁচ দিনের প্রচলিত আয়োজনের পরিবর্তে এবার সপ্তমী তিথি দুই দিন হওয়ায় ছয় দিন ধরে চলবে পূজার আনুষ্ঠানিকতা। এবার দেবী দুর্গার আগমন ঘোড়ায়, আর বিদায় নৌকায়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার ঢাকা মহানগরে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ২৬১। অন্যদিকে, সারা দেশে এবার ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১। প্রতিমার পাশাপাশি ঘটে আয়োজিত পূজাও এ হিসাবের অন্তর্ভুক্ত।

হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে এবার দুর্গাপূজার ছুটি তিন দিন করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি মিলবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, এবারের পূজার অন্যতম বিশেষত্ব হলো ছুটি বাড়ানো, পূজার সংখ্যা বৃদ্ধি এবং সরকারি বরাদ্দ বাড়ানো। সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, সরকারি দল ও বিরোধী দল—সব পক্ষই উৎসবের নিরাপত্তা ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সচেতন ও আন্তরিক বলে জানান তিনি।

সন্তোষ শর্মা বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোন নিরাপত্তা শংকা দেখছি না। বাকিটা পূজার সময় দেখা যাক। কারণ সরকারের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আন্তরিকতাও আছে।’

গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীর আগমনী বার্তা ছড়িয়ে পড়ে। এর পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মণ্ডপগুলো সাজানো হচ্ছে বর্ণিল আলোকসজ্জা ও নানা শৈল্পিক আয়োজনে। পূজার দিনগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের সমাগমের পাশাপাশি প্রার্থনা, প্রসাদ বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

বোধনে শুরু দেবীর আরাধনা

মহালয়ার পর দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব দেবীর বোধন। বোধন অর্থ জাগ্রত করা। প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী, বেলগাছের নিচে দেবীর বোধন করা হয়। শ্রীবৃক্ষ হিসেবে পরিচিত বেলগাছের সঙ্গে সম্পদ, সৌন্দর্য ও কল্যাণের ধারণা যুক্ত। ভক্তদের জ্ঞান, ভক্তি ও সংসারের মঙ্গল কামনায় পুরোহিতেরা বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বোধনের সময় ঘট স্থাপন করা হয়। ধর্মীয় ব্যাখ্যায় ঘটকে হৃদয়ের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ঘটের জলে যেমন প্রতিবিম্ব দেখা যায়, তেমনি ভক্তের হৃদয়েও দেবীর রূপ ও ভাবের উপলব্ধি ঘটে বলে বিশ্বাস করা হয়।

মহাষষ্ঠীতে বিল্ববৃক্ষের নিচে কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে দেবীর আরাধনার আনুষ্ঠানিকতা এগিয়ে যায়। বোধনের পর সাধারণত মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। পরদিন দেবীকে স্নান করিয়ে মন্দিরে স্থাপন করার রীতি রয়েছে।

সপ্তমীতে ষোড়শ উপচারে পূজা

মহাসপ্তমীতে ষোড়শ উপচারে দেবীর পূজা করা হবে। আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপসহ বিভিন্ন উপকরণ দিয়ে দেবীর আরাধনা করবেন ভক্তরা। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানের আনুষ্ঠানিকতাও থাকবে।

এবার সপ্তমী তিথি দুই দিন হওয়ায় পূজার আনুষ্ঠানিকতা ছয় দিন ধরে চলবে। এরপর ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

অষ্টমীতে কুমারী পূজা

মহাষ্টমীতে কল্পারম্ভ ও বিহিত পূজার পাশাপাশি থাকবে কুমারী পূজা ও সন্ধিপূজা। রামকৃষ্ণ মিশন মন্দিরে সকাল সাড়ে ৯টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এ পূজায় কুমারী বালিকার মধ্যে দেবীর মাতৃরূপ কল্পনা করে তাঁকে দেবীজ্ঞানে আরাধনা করা হয়।

হিন্দুশাস্ত্র অনুযায়ী, সাধারণত এক থেকে ১৬ বছর বয়সী অবিবাহিত কুমারীকে এ পূজার জন্য নির্বাচন করা হয়। শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতীর রূপের প্রকাশ বেশি—এমন বিশ্বাস থেকেই কুমারী পূজার প্রচলন। মাতৃরূপ উপলব্ধি করাই এ পূজার অন্যতম উদ্দেশ্য।

ধর্মীয় রীতি অনুযায়ী, বয়সভেদে কুমারীর বিভিন্ন নাম রয়েছে। এক বছর বয়সী কন্যা সন্ধ্যা, দুই বছরে সরস্বতী, তিন বছরে ত্রিধামূর্তি, চার বছরে কালিকা, পাঁচ বছরে সুভাগা, ছয় বছরে উমা, সাত বছরে মালিনী, আট বছরে কুব্জিকা, নয় বছরে কালসন্দর্ভা, ১০ বছরে অপরাজিতা, ১১ বছরে রুদ্রাণী, ১২ বছরে ভৈরবী, ১৩ বছরে মহালক্ষ্মী, ১৪ বছরে পীঠনায়িকা, ১৫ বছরে ক্ষেত্রজ্ঞা এবং ১৬ বছরে অন্নদা নামে অভিহিত করা হয়।

নির্বাচিত কুমারীকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়। সিঁদুর, আলতা ও ফুল দিয়ে সাজিয়ে সুসজ্জিত আসনে বসানো হয় তাঁকে। এরপর ষোড়শ উপচারে দেবীজ্ঞানে পূজা করা হয়। এ সময় শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য, উলুধ্বনি ও স্তোত্রপাঠে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ।

সন্ধিপূজায় বিশেষ আয়োজন

অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। অষ্টমীর শেষ ২৪ মিনিট এবং নবমীর প্রথম ২৪ মিনিট—মোট ৪৮ মিনিট ধরে এ পূজা চলে। এ সময় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। হিন্দুশাস্ত্রের বর্ণনা অনুযায়ী, এ সন্ধিক্ষণেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। রামায়ণের কাহিনিতেও এ সময়ের সঙ্গে রাবণবধের প্রসঙ্গ যুক্ত রয়েছে।

নবমীতে বিদায়ের সুর

মহানবমীতে দেবীর আরাধনার পাশাপাশি ভক্তদের মনে বিদায়ের আবহ তৈরি হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নবমী তিথিতে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। পরদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা।

বিজয়া দশমীর দিন বুধবার বিকেল ৩টা থেকে প্রতিমা বিসর্জনের কথা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। রাজধানীতে মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে পলাশীর মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা শেষে সদরঘাটের ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, যৌথ উদ্যোগের নতুন সম্ভাবনা
ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ: হুইপ দুলু
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
দিনাজপুরে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত, আহত ১১
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
ধর্ম- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement