জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ

দেশবার্তা প্রতিবেদক

স্বাস্থ্য

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিশেষায়িত সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ঘিরে উঠেছে নানা

2026-11-27T19:10:22+06:00
2026-11-27T20:02:42+06:00
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৮:০২ পিএম
⏲
নারী রোগীর বুকের ওপর থেকে কাপড় সরিয়ে চিকিৎসাসংশ্লিষ্ট কাজ করছিলেন ওয়ার্ডবয় লিটন
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিশেষায়িত সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ঘিরে উঠেছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। সরকারি ওষুধ পাচার, রোগীদের কেনা ওষুধ সরিয়ে নেওয়া, প্যাথিডিনের অবৈধ বাণিজ্য, বেড বাণিজ্য এবং রোগীর স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে হাসপাতালের কয়েকজন নার্স, ওয়ার্ডবয় ও সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে। সিসিইউ-১ ও সিসিইউ-২-এ পৃথকভাবে সক্রিয় সিন্ডিকেট এসব কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগকারীদের দাবি।

দেশবার্তার কাছে থাকা দুটি ভিডিওতে হাসপাতালের সিসিইউ-১-এর ভেতরের চিত্র দেখা গেছে বলে জানা গেছে। ভিডিওতে ওয়ার্ডবয় আবু বক্কর ওরফে লিটনকে দুই রোগীর হার্ট থেকে পানি বের করার কাজে অংশ নিতে দেখা যায়। রোগী দুজনের একজন শিশু এবং অন্যজন নারী। অভিযোগ অনুযায়ী, নারী রোগীর বুকের ওপর থেকে কাপড় সরিয়ে চিকিৎসাসংশ্লিষ্ট কাজ করছিলেন ওয়ার্ডবয় লিটন। অথচ এ ধরনের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসক ও নার্সের উপস্থিত থাকার কথা। কিন্তু তাঁদের না ডেকেই লিটন নিজে কাজটি করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোগীদের স্বজনদের অভিযোগ, ওই দুই রোগী দুটি সিভিপি সেটসহ প্রায় ১৪ হাজার টাকার ওষুধ কিনেছিলেন। কিন্তু তাঁদের কেনা নতুন সিভিপি সেট ও ওষুধ ব্যবহার না করে অন্য রোগীর ব্যবহৃত পুরোনো সিভিপি সেট দেওয়ার পরিকল্পনা ছিল। আর রোগীদের কেনা নতুন সিভিপি সেট ও অন্যান্য ওষুধ সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ওয়ার্ডবয় লিটনের বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, সিসিইউ-১-এ ওয়ার্ডবয়দের একটি চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে। চক্রটির সদস্যরা নিজেদের প্রভাবশালী দাবি করে বলে বেড়ান, তাঁদের বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিতে পারবে না। তাঁদের পেছনে শক্তিশালী আশ্রয়দাতা রয়েছে বলেও দম্ভ করেন বলে অভিযোগ রয়েছে।

রোগীদের কেনা ওষুধ চুরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের সাবেক পরিচালক ডা. মীর জামাল উদ্দিন একসময় লিটনকে দুই বছরের জন্য সিসিইউ থেকে সরিয়ে দিয়েছিলেন বলে জানা গেছে। ওই সময় তিনি ওয়ার্ড মাস্টারদের নির্দেশ দিয়েছিলেন, তিনি দায়িত্বে থাকা পর্যন্ত যেন লিটনকে সিসিইউ-১-এ দায়িত্ব দেওয়া না হয়।

তবে সাবেক পরিচালক চলে যাওয়ার পর কয়েকজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে আবারও সিসিইউতে দায়িত্ব ফিরে পান লিটন। এরপর আগের মতোই অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এবার তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন নার্স সবুজ ও নার্স লিখন। অভিযোগকারীদের দাবি, ইনচার্জের সঙ্গে লিখনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তিনি এ চক্রে প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছেন। লিখন ও ইনচার্জের মধ্যে ঘনিষ্ঠতা এবং বিভিন্ন স্থানে একসঙ্গে যাতায়াতের বিষয়টিও হাসপাতালের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনায় রয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

লিটনের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি বিভিন্ন জায়গায় প্রচার করেন, চিকিৎসকেরা যে কাজ পারেন না, তিনি তা পারেন। তাঁর অনুপস্থিতিতে রোগীরা চিকিৎসাসেবা পান না বলেও দাবি করেন। তবে অভিযোগকারীদের প্রশ্ন, একজন ওয়ার্ডবয় যদি কেবল একটি শিফটে দায়িত্ব পালন করেন, তাহলে বাকি দুই শিফটে রোগীরা কি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন? তাঁদের মতে, এ ধরনের প্রচারের মাধ্যমে রোগী ও স্বজনদের কাছে নিজের অপরিহার্যতা প্রতিষ্ঠা করে আর্থিক সুবিধা নেওয়ার কৌশল তৈরি করা হচ্ছে।

সিসিইউ-২-এ খিতিশকে ঘিরে ওষুধ পাচারের অভিযোগ

সিসিইউ-২-এ বর্তমানে ওয়ার্ডবয় খিতিশকে কেন্দ্র করে সরকারি ওষুধ সরিয়ে নেওয়ার একটি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। এর সঙ্গে নার্স অনুপম, রুবেল এবং ইনচার্জ রোকসানা মনোয়ারের সম্পৃক্ততার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিরা।

অভিযোগ অনুযায়ী, আগে আশরাফ ও গফুরের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হতো। বর্তমানে তাঁদের জায়গায় খিতিশকে বসানো হয়েছে। খিতিশের সঙ্গে ওয়ার্ড মাস্টার বাহার উদ্দিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় বাহার উদ্দিনের মাধ্যমে খিতিশ তাঁর এক ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। পরবর্তী সময়ে বিএনপির আমলে তাঁর আরেক ছেলে ও মেয়ের চাকরির ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভবিষ্যতে তাঁর স্ত্রীকেও চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। তবে এসব নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সরকারি প্যাথিডিন বাইরে বিক্রির অভিযোগ

সিসিইউ-২-এর ইনচার্জ রোকসানা মনোয়ারের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি নার্স অনুপম, রুবেল ও ওয়ার্ডবয় খিতিশের সঙ্গে ভাগাভাগি করে প্যাথিডিনের ব্যবসা পরিচালনা করেন। এ ক্ষেত্রে সরকারি প্যাথিডিন তাঁদের কাছে সরবরাহ করা হয়। পরে রোগীদের জন্য স্বজনদের কেনা প্যাথিডিন ব্যবহার করে সরকারি ওষুধ বাইরে বিক্রি করা হয় বলে অভিযোগকারীদের দাবি।

তাঁদের আরও অভিযোগ, সরকারি প্যাথিডিন দেওয়ার পর কোন রোগীকে কতটুকু ওষুধ দেওয়া হয়েছে, তার কোনো যথাযথ হিসাব নেওয়া হয় না। ইনচার্জ রোকসানা মনোয়ার দায়িত্বে এসে সংশ্লিষ্টদের কাছে সরকারি ওষুধ ব্যবহারের হিসাব চান না বলেও অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের প্রশ্ন, রোগীদের বিনা মূল্যে সরকারি প্যাথিডিন না দিয়ে বাইরে বিক্রির ব্যবস্থা করা হলে ওষুধের প্রকৃত হিসাব পাওয়া সম্ভব কীভাবে?

রোগীর স্বজনদের কাছ থেকে টাকা আদায়

সিসিইউ-২-এর প্রবেশপথে নিজাম নামে এক ব্যক্তির বিরুদ্ধেও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি আগে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করলেও বর্তমানে তাঁর চাকরি নেই। তা সত্ত্বেও তিনি সিসিইউ-২-এর গেটে দায়িত্ব পালন করছেন। কোনো এক ওয়ার্ড মাস্টারের মাধ্যমে তাঁকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড মাস্টারকে নিয়মিত মাসোহারা দিতে হয় বলেও অভিযোগকারীরা দাবি করেছেন।

রোগীর স্বজনদের অভিযোগ, সিসিইউ-২-এ প্রবেশ করতে গেলে নিজামকে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দিতে হয়। টাকা না দিলে রোগীর স্বজনদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এমনকি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে। আনসার সদস্যরাও তাঁর মাধ্যমে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

এ ছাড়া ওয়ার্ডবয়দের সঙ্গে যোগসাজশ করে বেড বাণিজ্যেও নিজাম জড়িত বলে অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের ঘুম থেকে ডেকে তুলে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সব মিলিয়ে সিসিইউ-২-এ তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেটের অংশ হিসেবে কাজ করছেন বলে অভিযোগকারীদের দাবি।

অভিযোগে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় নিজাম চিকিৎসক জুলফিকার আলী লেলিনের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করতেন। তিনি নিজেকে ওই চিকিৎসকের মাধ্যমে চাকরি পাওয়া ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটাতেন বলেও অভিযোগ রয়েছে। নিজাম সাধারণত রাতে সিসিইউ-২-এ দায়িত্ব পালনে আগ্রহী থাকেন। কারণ, রাতের বেলায় রোগীর স্বজনদের কাছ থেকে বেশি অর্থ আদায়ের সুযোগ থাকে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

অনিয়মের প্রতিবাদ করায় নার্সের সঙ্গে ইনচার্জের বিরোধ

সিসিইউ-২-এর ইনচার্জ রোকসানা মনোয়ারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় নার্স মামুনের সঙ্গে তাঁর বাক্বিতণ্ডার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি একপর্যায়ে হাসপাতালের সেবা তত্ত্বাবধায়কের পর্যায় পর্যন্ত গড়ায়। সিসিইউ-২-এ ওষুধ ব্যবস্থাপনা ও অন্যান্য অনিয়ম নিয়ে আপত্তি জানানোর পর এ বিরোধের সূত্রপাত হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

সিভিপি সেটের স্টিকার নিয়েও কমিশন বাণিজ্যের অভিযোগ

সিসিইউ-১-এ সিভিপি সেট ব্যবহারের পর তার স্টিকার সংরক্ষণ করে রাখার অভিযোগও উঠেছে। অভিযোগ অনুযায়ী, নার্স লিখন ও সবুজের নির্দেশনায় ওয়ার্ডবয় লিটন এসব স্টিকার রেখে দেন। সংশ্লিষ্ট কোম্পানির কাছে স্টিকার জমা দিলে কমিশন পাওয়া যায় বলেও অভিযোগকারীদের দাবি। ফলে চিকিৎসাসামগ্রী ব্যবহারের পরও তার স্টিকার নিয়ে একটি আর্থিক লেনদেনের সুযোগ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তদন্ত কমিটি হয়, ব্যবস্থা হয় না

হাসপাতালের দুটি গুরুত্বপূর্ণ নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাসেবা, সরকারি ও রোগীদের কেনা ওষুধের ব্যবস্থাপনা এবং দায়িত্ব বণ্টন নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব অনিয়মের তথ্য তুলে ধরা হলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয় না। মাঝেমধ্যে নামমাত্র তদন্ত কমিটি গঠন করা হলেও সেসব তদন্তের প্রতিবেদন বা সুপারিশ শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না।

তাঁদের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের মধ্যেই কর্তৃপক্ষের দায়িত্ব সীমাবদ্ধ থাকে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় একই ধরনের ঘটনা বারবার ঘটছে। এতে একদিকে সরকারি ওষুধের অপব্যবহার হচ্ছে, অন্যদিকে চিকিৎসাসেবা নিতে আসা অসহায় রোগী ও তাঁদের স্বজনদের আর্থিক ও মানসিক ভোগান্তি বাড়ছে।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিশেষায়িত সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে যদি চিকিৎসকের পরিবর্তে ওয়ার্ডবয় চিকিৎসাসংশ্লিষ্ট কাজ করেন, রোগীদের কেনা ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এবং রোগীর স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নির্ভরতার জায়গা কোথায়—এমন প্রশ্ন উঠেছে।

এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দেশবার্তার কাছে থাকা ভিডিও ফুটেজ পর্যালোচনা, ওষুধের মজুত ও বিতরণের হিসাব পরীক্ষা, সিভিপি সেটের ক্রয় ও ব্যবহারের নথি যাচাই এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা জরুরি। একই সঙ্গে অভিযোগে নাম আসা প্রত্যেকের বক্তব্য নিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাপ্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ বারবার ওঠার পরও যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে রোগীদের নিরাপত্তা ও সরকারি চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সংকটে পড়বে।

দেশবার্তা/আরএম


সর্বশেষ সংবাদ 

জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৩৫১
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সর্বাধিক পঠিত 

শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement