৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার

দেশবার্তা ডেস্ক

জাতীয়

দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয়

2026-11-27T17:42:52+06:00
2026-11-27T17:42:52+06:00
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম 
⏲
ফাইল ছবি
দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে মাসিক সম্মানী ভাতা দিচ্ছে সরকার। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। 

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন।

জনপ্রশাসন উপদেষ্টা জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হয়েছে। চলতি অর্থবছরে সম্মানী কর্মসূচির আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা।

সম্মানীর হার ও বিতরণ প্রক্রিয়া

নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা ও খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও সরকারি সহায়তা পাবেন। প্রাথমিক পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের সম্মানী সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্বচ্ছতা নিশ্চিতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে অর্থ দেওয়া হবে। সুবিধাভোগীদের তথ্য যাচাই-বাছাই শেষে ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে অর্থ পাঠানো হবে।

এ প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বাসসকে বলেন, কোনো ইমাম, মুয়াজ্জিন কিংবা ধর্মীয় সেবাকর্মীর হাতে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে না। তাদের নিজস্ব ব্যাংক অথবা মোবাইল আর্থিক সেবার হিসাবে সম্মানীর অর্থ পৌঁছে দেওয়া হবে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ থাকবে না এবং দুর্নীতি ও অনিয়মের ঝুঁকি কমবে।

তালিকা প্রণয়ন ও পটভূমি

সুবিধাভোগী নির্বাচনের বিষয়ে উপদেষ্টা জানান, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আরও দুজন বিশিষ্ট ব্যক্তি তালিকা প্রণয়নে সহায়তা করছেন এবং এতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান পাইলট প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে দেশের ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন ধর্মীয় সেবাকর্মীকে এর আওতায় আনা হয়েছিল, যার মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম ও ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন ছিলেন। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতেই কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে।

আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতৃবৃন্দের হাতে সম্মানী তুলে দেবেন।

আগামীর পরিকল্পনা ও তদারকি

জনপ্রশাসন উপদেষ্টার দেওয়া তথ্যমতে, দেশে বর্তমানে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার ও ১ হাজার ২০৪টি গির্জা। চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে এবং বাকিগুলো আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে যুক্ত হবে।

এ কার্যক্রম বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে এ সেলের অষ্টম সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় সেবাকর্মীদের জীবনযাত্রায় স্বস্তি আনার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও নৈতিক শিক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। তবে প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠানগুলো যেন প্রশাসনিক জটিলতায় বাদ না পড়ে এবং প্রকৃত ব্যক্তিরাই যেন ভাতা পান, সে জন্য মাঠপর্যায়ে কার্যকর নজরদারির ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৩৫১
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সর্বাধিক পঠিত 

শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement