আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল

বাসস

জাতীয়

আগামী ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল বা দুপুরের খাবার চালু করবে

2026-11-27T18:40:36+06:00
2026-11-27T18:40:36+06:00
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
ডা. জুবাইদা রহমান
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
বাসস
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম 
⏲
ছবি: বাসস
আগামী ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল বা দুপুরের খাবার চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এই কর্মসূচির আওতায় দেশের ৫০০ উপজেলার ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন পুষ্টিকর খাবার পাবে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশের ৫০০ উপজেলার মধ্যে ১৫১টিতে প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। চার থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী বছর থেকে এটি সারা দেশে বিস্তৃত হবে।

বিদ্যালয়ের খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদার এবং স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দেন তিনি। 

ডা. জুবাইদা রহমান বলেন, বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।

স্বাস্থ্যসম্মত রান্নার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্য ব্যবহার, মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশের শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াবে।

দেশের শিশুদের পুষ্টি পরিস্থিতির চিত্র তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশের ৬৪টি জেলায়, ৫০০টি উপজেলায়, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের ৯০ হাজার ৪৯টি গ্রামের প্রেক্ষাপটে পাঁচ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর গঠিত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। 

এ সময় তিনি বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের নিরাপদ খাদ্য নিশ্চিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরির ওপর জোর দেন। তিনি বলেন, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস তৈরিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।

নতুন প্রজন্মকে কৃষিতে আগ্রহী করার তাগিদ দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, কৃষিপ্রধান এই দেশে নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা দেওয়া জরুরি। পুষ্টির ঘাটতি পূরণে ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান, রোগ প্রতিরোধী আলু এবং কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষের প্রসার ঘটানোর কথা উল্লেখ করেন তিনি। জানান, বর্তমানে ৩০ হাজারের বেশি কৃষক এই বেগুন চাষ করছেন। পাশাপাশি খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ ও পতিত জমি আবাদি জমিতে রূপান্তরের আহ্বান জানান তিনি।

রান্নাকে শিল্প, বিজ্ঞান ও যোগাযোগের মাধ্যম হিসেবে অভিহিত করে এই চিকিৎসক বলেন, আমরা প্রায়ই বলি, রান্না একটি শিল্প। তবে এটি একই সঙ্গে একটি ভাষা, একটি বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম। যেখানে প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিলনমেলা। আমরা রান্নায় আমাদের ইতিহাস, ব্যক্তিত্ব এবং ভালোবাসার একটি অংশ যোগ করি।

প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেন, রান্না নিয়ে নতুন পরীক্ষা-নিরীক্ষা করা থামাবেন না। আপনাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আপনাদের রান্নাকে অনন্য করবে। রান্নার প্রতি আপনাদের আসক্তিকে কখনো হারিয়ে যেতে দেবেন না। এই যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। বিশ্বের দরবারে বাংলাদেশের রান্নাকে আরও প্রসিদ্ধ করতে সহযোগিতা করুন।

বক্তব্যের শেষে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, পৃথিবীকে জিরো হাঙ্গার- শূন্য ক্ষুধার দিকে এগিয়ে নিতে আমরা সকলেই প্রচেষ্টা চালাই।

অনুষ্ঠানে ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম হয়েছেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং তৃতীয় হয়েছেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খান প্রমুখ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৩৫১
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সর্বাধিক পঠিত 

শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement