বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশল বিভাগের ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল (ই/এম) বিভাগে ঠিকাদারে কাজে বিলের শতকার ১০ শতাংশ কমিশন, ভূয়া বিল ভাউচার বিল উত্তোলনসহ নানা অনিয়মে শতকোটি টাকার দূর্নীতির অভিযোগ উঠেছে। দূর্নীতির এ চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে আলোচনায় এসেছেন এই বিভাগের প্রধানসহ দুইজন প্রকৌশলী এনামুল কবির ও আব্দুল্লাহ আল মামুন। তাদের সঙ্গে আলোচনায় এসেছেন বিভাগীয় প্রধান শুভাশিষ বড়ুয়ার পিএস আনোয়ার হোসেন। গত বুধবার এই বিভাগে দূর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তারা ওই দফতর থেকে গুরুত্বপূরর্ণ নথিও জব্দ করেন।
দুদকের অভিযান ও অভিযোগ সম্পর্কে বেবিচকের চেয়ারম্যানের বরাত দিয়ে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ বলেন, দূর্নীতির ব্যাপারে আমরা সবসময় জিরো টলারেন্স। দুদকের চাহিদামত সব কাগজপত্র সরবরাহ করা হয়েছে। আরও প্রয়োজন হলে সেগুলো সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে। তিনি বলেন, কারও দুদকের অনুসন্ধানে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে তারা যে প্রক্রিয়া অনুসরন করবে তাতে বেবিচক সহায়তা করবে। কোন দূর্নীতিবাজকে বেবিচক টলারেট করবেনা।
জানা যায়, দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম বেবিচকের ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল (ই/এম) বিভাগে ঠিকাদারে কাজে বিলের শতকার ১০ শতাংশ কমিশন, ভূয়া বিল ভাউচার বিল উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি এবং ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ যাচাইয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়। তাছাড়া যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামতের নামেও সরকারি অর্থ আত্মসাতের তথ্য পান দুদকের কর্মকর্তারা। বিলসংক্রান্ত বিভিন্ন নথি পর্যালোচনা করে প্রাথমিকভাবে নানা অসংগতি দেখতে পায় এনফোর্সমেন্ট টিম। পাশাপাশি ঠিকাদারদের বিল ও সরঞ্জাম কেনাকাটার অভিযোগ যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ জানান, সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
এদিকে দুদকের এ অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘদিন নানা অনিয়মের মধ্যে থাকা বেবিচকের এই বিভাগটি ঘিরে নানো অনিয়মের বিষয়ে অভিযোগ থাকলেও এতদিন কার্যত কোন ব্যবস্থা নেয়া হয়নি। দুদকের এ অভিযানে বেবিচকের অনেক কর্মকর্তাই সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি দীর্ঘদিনের নানা অনিয়মের যে অভিযোগি তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তারা। নাম প্রকাশ না করা শর্তে অনেকেই বলেন, এই বিভাগের বিশেষ করে দুজন প্রকৌশলী এনামুল কবির ও মামুন বিগত আওয়ামী লীগের সময় দলীয় ক্যাডারের ভূমিকায় ছিলেন। প্রতিটি টেন্ডার কাজেই অযাচিতভাবে হস্তক্ষেপ করে কমিশন, বিল বাণিজ্য কিংবা টেন্ডার অনুযায়ী কম কেনাকাটা করে মোট বিল তুলে সেগুলো আত্নসাৎ করেছেন। বর্তমানেও করে যাচ্ছেন। একটি ঠিকাদারী কাজে অংশগ্রহন করার কারণে এনামুল কবির তাকে সরাসরি হুমকি দেয় দেন। পরবর্তীতে ওই ঠিকাদার বেবিচকের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগও করেন। ওই ঠিকাদারের নাম মিলন পারভেজ। ঠিকাদার মিলন পারভেজ বলেন, আমি অক্টোবরে একটি ঠিকাদারী কাজে অংশগ্রহন করার কারণে ইঞ্জিনিয়ার এনামুল কবির আমাকে মোবাইল ফোনে হুমকি দেন। এ কারণে বেবিচকের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। তিনি বলেন, একজন কর্মকর্তা হয়ে তার আচরণ মারমুখি। তার পছন্দের ঠিকাদারকে কাজ দেয়ার জন্য প্রায়ই তিনি অন্যান্য ঠিকাদারকে এভাবে হুমকি দেন।
অন্যদিকে অভিযান নিয়ে দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেন বলেন, ২০২৬ সালের অক্টোবর মাসে শাহজাহান হোসেন নামে একজনের ওভারটাইম দেখানো হয়েছে ২০৯ ঘণ্টা। কিন্তু হাজিরা খাতার হিসাব অনুযায়ী তার কর্মঘণ্টা পাওয়া গেছে ১৬১ ঘণ্টা। অর্থাৎ ৪৮ ঘণ্টা বেশি দেখানো হয়েছে। কোনো কোনো দিন কর্মস্থলে উপস্থিত না থাকলেও ওই কর্মীদের মোট কর্মঘণ্টার হিসাবে তা যুক্ত করা হয়েছে। ২০২৫ সালের হাজিরা খাতা পর্যালোচনা করেও একই ধরনের অনিয়ম পেয়েছে দুদক। সেখানে কর্মঘণ্টা ১৪২ ও ১৪৫ ঘণ্টা থাকার পরও ২০৩ থেকে ৪০০ ঘণ্টা পর্যন্ত ওভারটাইম দেখানোর তথ্য পাওয়া গেছে। বছরজুড়ে প্রতি শনিবার ২১ ঘণ্টা করে কাজ দেখানোর তথ্য তুলে ধরে রুবেল হোসেন বলেন, আমি জানি না কোন অফিসে শনিবারে ২১ ঘণ্টা কাজ হয়। অভিযান চলার সময়ও একজনকে ওভারটাইমের তথ্য পূরণ করতে দেখেছেন বলে জানান তিনি। কোন কর্মচারী কত ঘণ্টা ওভারটাইম করবেন, সে বিষয়ে কোনো অফিস আদেশ বা অনুমোদনের নথি অভিযানের সময় পাওয়া যায়নি। তিনি জানান, ওভারটাইমের হিসাব রাখা হয় হাতে লেখা হাজিরা খাতায়। সেখানে বিভিন্ন জায়গায় কাটাকাটি ও তথ্য পরিবর্তনের চিহ্ন পাওয়া গেছে। কোনো কোনো পাতায় সিল ও স্বাক্ষরও নেই। ই/এম বিভাগে বছরে ওভারটাইম বাবদ বরাদ্দ ৫ লাখ ১৫ হাজার টাকা। এ টাকা তিন থেকে চারজনের মধ্যে ভাগ করে দেওয়ার তথ্য পাওয়া গেছে। ওভারটাইমের হিসাব তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তার গাফিলতি রয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।
অপরদিকে ঠিকাদাররা ১০ থেকে ২০ শতাংশ কমিশন না দিলে প্রকল্পের বিল আটকে রাখা হয় বলে দুদকের কাছে অভিযোগ এসেছে। এ ছাড়া আলোকসজ্জার সরঞ্জাম, এক্স-রে মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনা ও মেরামতের নামে ভুয়া বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এসব কেনাকাটার নথিপত্র চাওয়া হলেও অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তা দিতে পারেননি। নথি সরবরাহের জন্য তারা একদিন সময় চেয়েছেন বলে জানান দুদক কর্মকর্তা রুবেল হোসেন। ই/এম বিভাগ থেকে বিভিন্ন বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ নির্দিষ্ট ব্যবসায়ী ও দলীয় সিন্ডিকেটের মাধ্যমে বাস্তবায়ন করে কোটি কোটি টাকা কয়েকজন কর্মকর্তা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগে সম্প্রতি মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শুভাংশু বড়ুয়া বিগত ১৫ বছর ধরে সাবেক সরকারের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দিতেন। তার ব্যবসায়িক পার্টনার 'শাওন ইলেকট্রিক'-এর মালিক দেলোয়ার হোসেনের মাধ্যমে যশোর বিমানবন্দরের রানওয়ে লাইটিং ও ট্যাক্সিওয়ে লাইটিং এবং রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে লাইটিংয়ের যাবতীয় কাজ বাস্তবায়ন করা হয়। এসব ধরনের কাজের মূল্যায়নে ১%, ডেভিয়েশনে ৫০% এবং বিল পরিশোধের সময় চেকের পরিমাণের ২% হারে কমিশন নির্দিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে গ্রহণ করা হতো। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বরিশাল বিমানবন্দরের গত ১৫ বছরের প্রায় সব কাজই ভাগিয়ে নিয়েছে 'মেসার্স আতিক কনস্ট্রাকশন'।
এছাড়া দুলাল এন্টারপ্রাইজের নামে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দরে বড় বড় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। অভিযোগে দাবি করা হয়, দুর্নীতির মাধ্যমে সংগৃহীত টাকা শুভাংশু বড়ুয়ার পিএ আনোয়ার হোসেনের মাধ্যমে সংগ্রহ করা হতো। এছাড়া মামুনের বিরুদ্ধে প্রতিটি কাজে ৫% করে কমিশন নিয়ে বিপুল পরিমান অর্থ সম্পদ গড়ে তোলার অভিযোগ আনা হয়েছে। ডিভিশন ৩ এর আওতায় কক্সবাজার ও চট্রগ্রাম বিমানবন্দরের উন্নয়নের কাজে বিল নিয়ে খাচ্ছেন তিনি। এাড়াও কুমিল্লা বিমানবন্দরের নানা বিষয়েরও কাজে তাকে কমিশন না দিলে সে বিল আসেনা। এই বিভাগীয় প্রধান শুভাশিষ বড়ুয়ার আশ্রয়ে প্রশ্রয়ে প্রকৌশলী মামুন, এনামুল কবির ও পিএস আনোয়ার এ সকল অনিয়মের মূল হোতা। এ বিষয়ে প্রকৌশলী এনামুল ও মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করতে রাজি হননি। তবে বিভাগীয় প্রধান শুভাশিষ বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু দুদক তদন্ত করছে সেহেতু এ বিষয়ে কোন মন্তব্য করার প্রয়োজন নেই।
দেশবার্তা/এমআর