গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চৌক্কার খালে মৃত মুরগি ফেলতে গিয়ে এক পোল্ট্রি ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় মাস্টারবাড়ী এলাকায় চৌক্কার খালে কয়েকজনকে মৃত মুরগি ফেলতে দেখেন তিনি। পরে তিনি বিষয়টি মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানকে জানান।
খবর পেয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় এক পোল্ট্রি ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মহাসড়কের পাশের খাল ও জলাশয়ে মৃত মুরগি ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। এ ধরনের বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত নিয়মে অপসারণের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশবার্তা/জেএ