শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট, মার্কেট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। ফলে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময় দুই ঘণ্টা কমছে।
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে সরকার চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে। সর্বশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। সেই সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে আগের সময়সূচি কার্যকর হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আগের নিয়ম বহাল থাকবে।
এর ফলে আজ থেকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে রাত ৮টার মধ্যে কার্যক্রম বন্ধ করতে হবে। বিশেষ অনুমতির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ থাকছে না।
চলতি ২০২৬ সালে জ্বালানিসংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দোকানপাট বন্ধের সময় একাধিকবার পরিবর্তন করা হয়। এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে সময়সীমা রাত ৯টা পর্যন্ত নির্ধারণ করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা করা হয়।
তখন থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নির্দেশনা কার্যকর ছিল। দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হলেও নির্ধারিত সময় শেষ হওয়ায় আজ থেকে আবারও আগের নিয়মে ফিরছে দোকানপাট ও শপিং মল।
দেশবার্তা/এসআইএস/একে