সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন রুটে চলাচল শুরু করবে আন্তঃনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’। এই দিন থেকে নিয়মিত রুট ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি ট্রেনটি পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত যাত্রীসেবা দেবে এবং নতুন সময়সূচি মেনে চলবে।
শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে এবং এরপর রাত ৩টা ২০ মিনিটে এটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, মহানগর এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার পর্যন্ত বর্ধিত করায় ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিমানবন্দর স্টেশন, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা ট্রেনে করে সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টদের মতে, এর ফলে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতে পর্যটক বাড়ার পাশাপাশি রেলওয়ের আয়ও বৃদ্ধি পাবে। এতদিন ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ বিরতিহীন হওয়ায় মধ্যবর্তী এসব জেলার মানুষ ট্রেনে যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত ছিল।
ঢাকা-কক্সবাজার রুটের মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ এবং ৭০৬ থেকে ৭৩৬টি আসন থাকবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন রোববার।
আবু বকর সিদ্দিক আরও জানিয়েছেন, ঢাকা-কক্সবাজার রুটে নতুন এই ট্রেনটি চালুর বিষয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত সাড়ে আটটায় ছেড়ে পরদিন সকাল ছয়টায় কক্সবাজার পৌঁছাবে। এছাড়া ফিরতি পথে ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে বেলা ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। গত ১৬ অক্টোবর থেকে নতুন এই রুটের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
দেশবার্তা/একে