অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আলেম সমাজের কাছে একটি আহ্বান জানিয়েছেন। মাদ্রাসায় শিশুদের বলাৎকার ও ধর্ষণের মতো অপরাধ নিয়ে নেতৃস্থানীয় আলেমদের তিনি কথা বলতে বলেছেন। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন তিনি।শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন।
সেখানে তিনি আশা প্রকাশ করেন, আলেম সমাজের নেতৃত্বের ঘুম অচিরেই ভাঙবে। পোস্টের শুরুতে তিনি আলেমদের প্রতি শ্রদ্ধার কথা জানান। তিনি লেখেন, “বাংলাদেশের আলেম সমাজে অনেক শ্রদ্ধেয় মানুষ আছেন। হজ করতে গিয়ে, নামাজের সময় কিংবা ইসলামী বয়ান শুনতে গিয়ে তাদের কাউকে কাউকে কাছে থেকে দেখেছি। আবার মাওলানা আহমাদুল্লাহর মতো কিছু আলেমের মানবিক কার্যক্রম দেখে মুগ্ধ হয়েছি। ”
এরপর তিনি আলেম সমাজের একটি অংশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তার ভাষায়, ‘তাদের বাইরেও বৃহত্তর আলেম সমাজে বহু মানুষ আছেন (যেমন: মাদ্রাসার শিক্ষক)। এদের কেউ কেউ শিশুদের বলাৎকার ও ধর্ষণের মতো ভয়াবহ কবিরা গুনাহে লিপ্ত।
এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সংখ্যা হয়তো কম, কিন্তু একেবারে নগণ্য নয়। তারা দিনের পর দিন এমন জঘন্য পাপ করে চলেছেন, যে ধরনের পাপের কারণে আল্লাহ হজরত লুত (আ.)-এর সময়ের জাতিকে কঠোরতম শাস্তি দিয়েছিলেন। ’
তার বড় প্রশ্ন আলেমদের নীরবতা নিয়ে। তিনি বলেন, “আমার খুব অবাক লাগে যে, এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না। খাবার, পোশাক, বিনোদন, বাকস্বাধীনতা নানা বিষয়েও তারা ফতোয়া দেন। দু-একটি ক্ষেত্রে মব তৈরি করে মানুষকে হত্যা পর্যন্ত করা হয়। অথচ নিজেদের গোষ্ঠীর মধ্যে সংঘটিত বলাৎকার ও ধর্ষণের মতো জঘন্যতম অপরাধের বিরুদ্ধে নেতৃস্থানীয় আলেম, জনপ্রিয় ধর্মীয় বক্তা বা হুজুররা কেন সোচ্চার হতে পারেন না?’
পোস্টে তিনি আলেমদের সতর্ক করে লেখেন, “এ দেশে ইসলামবিরোধী নানা ষড়যন্ত্র রয়েছে। আলেম সমাজকে বুঝতে হবে, মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার কারণেই তারা এসব ষড়যন্ত্রের মধ্যেও সম্মানের সঙ্গে টিকে আছেন। কিন্তু বলাৎকার ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সোচ্চার না হয়ে তাদের কেউ কেউ বরং অপরাধীদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন।
এটি করলে এসব অপরাধের দায় কোনো না কোনোভাবে তাদের ওপরও বর্তাবে। তাদের অনেকে ভুল বোঝাবুঝির শিকার হবেন। সামগ্রিকভাবে আলেম সমাজের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা কমে যাবে। এতে বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। ”
পোস্টের শেষে তিনি নিজের প্রত্যাশা জানান। আসিফ নজরুল আশা করেন, মাদ্রাসায় এমন অপরাধের বিরুদ্ধে ধর্মীয় অনুশাসনের আলোকে কঠোর বক্তব্য আলেমদের কাছ থেকে শোনা যাবে। অপরাধীদের বিরুদ্ধে তারা নিজেরাই সোচ্চার হবেন। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানাবেন।
দেশবার্তা/জেএ